রাষ্ট্রপতি আমার অভিভাবক ও পথপ্রদর্শক: নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদি ও প্রণব মুখোপাধ্যায়ভারতের রাষ্ট্রপতি ভবনে সংগ্রহশালার দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ভারতের রাষ্ট্রপতির ভূয়সী প্রশংসা করেন। গত দু’বছরে মোদি সরকারের সাফল্য প্রণব মুখোপাধ্যায়ের হাত ধরেই এসেছে বলে তিনি উল্লেখ করেন।
নরেন্দ্র মোদি বলেন, “গত দু’বছর আগে প্রধানমন্ত্রী হিসেবে আমি দিল্লিতে যখন এসেছিলাম, তখন নতুন ছিলাম। অনেক বিষয়ে রাষ্ট্রপতি আমাকে হাত ধরে কাজ শিখিয়েছেন। খুব কম মানুষই এই সুযোগ পায়। ভিন্ন রাজনৈতিক চিন্তাধারায় বিশ্বাসী একটি দল থেকে এসেও যে কীভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়ন করতে হয় তা তাঁর কাছ থেকে শেখা উচিত। আজ আমি গর্বের সঙ্গে বলতে পারি যে ডিজিটাল ইন্ডিয়া, নবায়নযোগ্য জ্বালানি, জল সংরক্ষণ ও পরিবেশ সংক্রান্ত নীতি নির্ধারণের ক্ষেত্রে সরকার যা পদক্ষেপ নিয়েছে, তা রাষ্ট্রপতি ভবন থেকেই বাস্তবায়িত হয়েছে। দেশের উন্নয়নের প্রতি প্রণব মুখোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য।”
এক ব্যক্তির হাত থেকে অন্যের হাতে বা একটি রাজনৈতিক দল থেকে অন্য দলের হাতে শাসনভার অর্পিত হলেও দেশের গণতন্ত্রের কোনও ক্ষতি হয়নি বরং তা আরও শক্তিশালী হয়েছে বলে মনে করেন রাষ্ট্রপতি।
গতকালের অনুষ্ঠানে সেই কথার উল্লেখ প্রণব মুখোপাধ্যায় বলেন, ‘দেশের গণতন্ত্র ক্রমশ শক্তিশালী হচ্ছে। রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার আগে আমি সারাজীবন কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম। তা সত্ত্বেও দেশের উন্নয়নের প্রশ্নে আমরা কেউই কোনও আপোষ করিনি। আসলে শুধু আমিই নই, স্বাধীনতার পর থেকে ১৩ জন রাষ্ট্রপতিই সংবিধান নির্দেশিত পথে পরিচালিত হয়ে আসছেন।’

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার স্মৃতি রোমন্থন করে তিনি আরও বলেন, ‘চারবছর আগে ১৩তম রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার আগে পর্যন্ত রাষ্ট্রপতি ভবন সম্পর্কে আমার জ্ঞান ছিল খুবই সীমিত। ৪৩ বছর রাইসিনা হিলসের খুব কাছে থেকেও আমি এই বাড়িতে কী আছে, সে বিষয়ে কিছুই জানতাম না।’

সূত্র: ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

/এসএ/