ফ্রান্সের ধর্মযাজক হত্যায় জড়িত দুই ব্যক্তির ভিডিও প্রকাশ

ফ্রান্সের গির্জায় হামলাকারী দুই ব্যক্তির ভিডিও প্রকাশফ্রান্সের নরম্যান্ডিতে ধর্মযাজককে হত্যাকারী দুই ব্যক্তির একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের কথিত বার্তা সংস্থা আমাক-এর ওয়েবসাইটে বুধবার ভিডিওটি প্রকাশ করা হয়।ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, হামলার আগে ধারণ করা ওই ভিডিওতে ওই দুই ব্যক্তিকে আরবিতে কথা বলতে দেখা গেছে। তারা আইএস প্রধান আবু বকর আল বাগদাদির আনুগত্য স্বীকার করছিলেন। তাদের একজন আইএসের পতাকার প্রিন্টযুক্ত একটি চিহ্ন ধরে ছিলেন।
ইন্ডিপেনডেন্ট আরও জানায়, ওই দুই ব্যক্তি নিজেদের নাম আবু ওমর ও আবু জলিল আল হানফাই বলে জানিয়েছে। তারা হাত ধরে মেঝেতে বসেছিল এবং বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করছিল। অবশ্য, পুলিশের দাবি, হামলাকারীদের একজনের নাম আদেল কেরমিচে। ১৯ বছর বয়সী এ তরুণ গত বছর দুইবার সিরিয়ায় যেতে চেয়ে আটক হয়েছিল। আমাক নিউজে প্রকাশিত ভিডিওতে কেরমিচেকে সেনা পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে। ভাঙা ভাঙা আরবিতে কথা বলছিল সে।
এদিকে বুধবার প্রসিকিউটরের কার্যালয় থেকে বলা হয়, দ্বিতীয় হামলাকারীকে আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা যায়নি। অবশ্য, এরইমধ্যে পুলিশ ১৬ বছর বয়সী এক কিশোরকে কিরমিচের পরিচয়পত্রসহ আটক করেছে। সে কিরমিচের ছোট ভাই বলে ধারণা করা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদের আওতায় রাখা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর রুয়াঁর একটি গির্জায় হামলা চালিয়ে ৫ জনকে জিম্মি করা হয়। ফাদার জ্যাক হামেল নিলকে তাদের সামনে হাজির করার দাবি জানানো হয়। ৮৬ বছর বয়সী ফাদার জ্যাক ৭৫ বছর বয়সে অবসরে গেলেও মাঝে মাঝে প্রয়োজন বিবেচনা করে আরেক ধর্মযাজক অগাস্তে মোয়ান্ডার হয়ে উপসনায় নেতৃত্ব দিতেন তিনি। মঙ্গলবারও তিনি ধর্মোপদেশমূলক বক্তৃতা দিচ্ছিলেন। তখনই ওই দুর্বৃত্ত হামলা চালায়। পরে তার গলা কেটে হত্যা করে।

ফরাসি যাজক
ওই ঘটনার প্রত্যক্ষদর্শী সন্ন্যাসী ড্যানিয়েল হামলাস্থল থেকে পালিয়ে আসতে সক্ষম হন। পরে ফরাসি রেডিও আরএমসি’কে দেওয়া সাক্ষাৎকারে ঘটনার ভয়াবহতা বর্ণনা করেন তিনি। ড্যানিয়েল বলেন, ‘তারা ধর্মযাজককে তাদের সামনে হাঁটু চেপে বসতে বাধ্য করে। তিনি আত্মপক্ষ সমর্থন করতে চাইলে মর্মান্তিক ঘটনাটি ঘটে’।

পরে বিএফএম টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ড্যানিয়েল জানান, ‘ধর্মযাজককে হত্যার দৃশ্যটি রেকর্ড করে তারা। তিনি যে ধর্মোপদেশ দিচ্ছিলেন তা পাল্টে দিয়ে আরবি ভাষা করে দেয়। গোটা পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে’।

ড্যানিয়েল জানান,ওই হত্যাকাণ্ডের পরপরই ঘটনাস্থল থেকে তিনি পালিয়ে আসেন।

মঙ্গলবার হামলার খবর পেয়েই,গির্জাটিকে চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশ। পরে শুরু হয় বন্দুকযুদ্ধ। দুই হামলাকারীকেই গুলি করে হত্যা করে ফরাসি নিরাপত্তাবাহিনী। তিনজনকে উদ্ধার করে পুলিশ। গোটা এলাকায় বোমা ও বিস্ফোরকের সন্ধানে চিরুনি-তল্লাশি চালায় বিশেষ বাহিনীর সদস্যরা।

ধর্মযাজক হত্যাকাণ্ডের ঘটনায় কয়েক ঘণ্টার মধ্যে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের কথিত বার্তা সংস্থা আমাক-এ সংগঠনটির দায় স্বীকারের খবর প্রকাশ করা হয়। আমাক নিউজে বলা হয়, ‘নরম্যান্ডিতে গির্জায় হামলাকারীরা আইএসের সৈনিক। ক্রুসেডার জোটভুক্ত দেশগুলোকে টার্গেটের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে।’ সূত্র: ইন্ডিপেনডেন্ট

/এফইউ/বিএ/