চীনে মানবাধিকার আইনজীবীর কারাদণ্ড

ঝোউ শিফেংচীনের বিশিষ্ট এক মানবাধিকার আইনজীবীকে বৃহস্পতিবার সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। তার বিরুদ্ধে দুর্নীতি এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

চলতি সপ্তাহে এটা ছিল চীনে ভিন্নমতাবলম্বীদের ওপর কর্তৃপক্ষের দমন-পীড়নের তৃতীয় উল্লেখযোগ্য ঘটনা।

দণ্ডপ্রাপ্ত আইনজীবী ঝোউ শিফেং হচ্ছেন বেইজিং ফেংরুই ল ফার্মের পরিচালক। প্রতিষ্ঠানটি অন্যান্যের মধ্যে যৌন হয়রানির শিকার হওয়া ব্যক্তি, নিষিদ্ধ ধর্মীয় গ্রুপের সদস্য এবং ভিন্নমতাবলম্বী পন্ডিত ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে থাকে।

তথাকথিত ‘৭০৯ দমনপীড়নের’ কেন্দ্রে ছিল এ প্রতিষ্ঠান। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ বিবেচনা করা বিভিন্ন মামলায় জড়িত থাকার অভিযোগে ২ শতাধিক সক্রিয় কর্মী ও আইনজীবীকে আটক করা হয়।

চীনের উত্তরাঞ্চলীয় তিয়াজিন নগরীতে অবস্থিত সেকেন্ড ইন্টারন্যাশনাল পিপলস কোর্টে বৃহস্পতিবার সকালে ঝোউর বিচার শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম একাউন্টে বলা হয়, ঝোউর বিরুদ্ধে রাষ্ট্রক্ষমতা নিয়ে ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার এ বিচার কাজ চলাকালে এএফপি’র সাংবাদিককে আদালতে প্রবেশের সুযোগ দেয়া হয়নি। এর আগেও এ ধরণের ঘটনা দেখা গেছে। বিভিন্ন মামলায় কেবলমাত্র আদালত কর্তৃক নিয়োগপ্রাপ্ত আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত থাকার সুযোগ পান।

/এমপি/