চেন্নাই থেকে পশ্চিম তামিলনাড়ুর সালেমে যাচ্ছিল ট্রেনটি। এতে মোট ৩৪০ কোটি রুপি ছিল। সেখান থেকেই পৌনে ছয় কোটি রুপি চুরি হয়।
পুলিশ জানিয়েছে, চেন্নাই-সালেম এক্সপ্রেস ট্রেনের ছাদ কেটে একদল দুর্বৃত্ত এ অর্থ হাতিয়ে নেয়। ৩০০ কিলোমিটারের বেশি দীর্ঘ যাত্রাপথে দুর্ধর্ষ এই ঘটনাটি ঘটে। কয়েক ঘন্টা পর ট্রেনটি চেন্নাই পৌঁছানোর পর পুলিশ এ সম্পর্কে জানতে পারে।
ব্যাংকের অর্থ যে কম্পার্টমেন্টে রাখা হয়েছিল তার পাশের কামরায় সশস্ত্র পুলিশ পাহারা দিচ্ছিল। আনুমানিক ৬ থেকে ৮ জন দুর্বৃত্ত ট্রেনটির ছাদে ৪ বর্গফুটের একটি ছিদ্র করে থেকে ৫ কোটি ৭৫ লাখ রুপি হাতিয়ে নেয়। এরপর তারা চলন্ত ট্রেনের ছাদ থেকে লাফিয়ে নেমে যায়।
মঙ্গলবার সকালে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার কর্মকর্তারা ট্রেনের ওই কম্পার্টমেন্ট থেকে অর্থগুলো নামাতে যান। এ সময় তারা ট্রেনটির কম্পার্টমেন্ট থেকে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা টের পান। হাতিয়ে নেওয়া ওই অর্থের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
রেল পুলিশের কর্মকর্তা এম রামসুব্রমণি জানিয়েছেন, ডাকাতির ঘটনায় কিছু তথ্য ইতোমধ্যে পুলিশের হাতে এসেছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাবে না। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
/এমপি/