মামলার কবলে হিলারি

হিলারি ক্লিনটনমামলার কবলে পড়েছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন। তার বিরুদ্ধে মামলা করেছে শন স্মিথ ও টায়রন উডস নামে সাবেক দুই সেনা সদস্যের পবিবার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।
উল্লেখ্য,  ২০১২ সালে লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে হামলায় সেনা সদস্য শন স্মিথ ও টায়রন উডস নিহত হয়। সে সময় হিলারি ক্লিনটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। মার্কিন কনস্যুলেটে ওই হামলার দায় স্বীকার করেছিল মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী। ওই হামলায় সেনা সদস্য ছাড়াও তখনকার মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সেরও মৃত্যু হয়।
বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্মিথ ও উডসের মৃত্যুর জন্য হিলারিকে দায়ী করে তাদের পরিবারের পক্ষ থেকে ফ্রিডম ওয়াচ গ্রুপ নামে একটি রক্ষণশীল গোষ্ঠী মামলা করেছে। বেনগাজি কনস্যুলেটের ওই হামলার পর সে সম্পর্কে হিলারি ক্লিনটন মানহানিকর মন্তব্য করেছিলেন বলে ওই মামলায় উল্লেখ করা হয়েছে। ব্যক্তিগত ইমেইলের মাধ্যমে রাষ্ট্রীয় গোপন তথ্য আদান-প্রদানের কারণে মার্কিন কর্মকর্তাদের অবস্থান ফাঁস হয়েছিল বলেও দাবি করেছেন স্মিথ ও উডসের পরিবারের সদস্যরা।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় হিলারি ক্লিনটনের বিরুদ্ধে বড় একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে বেনগাজি কনস্যুলেটের ওই হামলা। তবে তার বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেছে হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণা দল।
/বিএ/