ভয়াবহ দাবানলের কবলে ক্যালিফোর্নিয়া

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যালিফোর্নিয়ায় ব্যাপক দাবানল ছড়িয়ে পড়েছে। এ দাবানলকে নিজেদের দেখা সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে আখ্যায়িত করেছেন প্রত্যক্ষদর্শীরা। দাবানলের তীব্রতায় এরইমধ্যে উপদ্রুত এলাকা থেকে ৮২ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

noname

সাম্প্রতিক সময়ের ভয়াবহতম এ দাবানলের নাম দেওয়া হয়েছে ‘দ্য ব্লু কাট’। এর তাণ্ডবে এরইমধ্যে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। ক্যালিফোর্নিয়া ও নেভাদা’র মধ্যকার যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া আগুনের তাণ্ডব থেকে বাঁচতে উপদ্রুত এলাকা থেকে অনেকে দৌড়ে গিয়ে নিরাপদ স্থানে পৌঁছান।

noname

গত মঙ্গলবার একটি খরাবিধ্বস্ত পর্বতে এ দাবানলের সূত্রপাত হয়। একদিনের মাথায় এটি ৪৭ বর্গমাইল এলাকায় ছড়িয়ে পড়ে। দাবানলের তীব্রতা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন এক হাজার ৩০০ অগ্নিনির্বাপণকর্মী। তবে এখনও পর্যন্ত সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। আগুনের তীব্রতা আরও বাড়ছে।

অগ্নিনির্বাপণ বিভাগের কমান্ডার মাইক ওয়াকোস্কি। তিনি জানান, ৪০ বছরের কর্মজীবনে তিনি কখনও এমন দাবানল দেখেননি।

noname

স্যান বার্নাডিনো কাউন্টির অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান মার্ক হার্টউইগ। তিনি বলেন, এই দাবানল তীব্রভাবে আঘাত করেছে। এটা দ্রুত ছড়িয়ে পড়ছে। দাবানলের এমন তীব্রতা আমরা ইতোপূর্বে কখনো প্রত্যক্ষ করিনি।

noname

এখন পর্যন্ত দাবানলে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঠিক কি পরিমাণ ঘরবাড়ি ধ্বংস হয়েছে সেটা এখনও জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে আশঙ্কা করা হচ্ছে, এমন ঘরবাড়ির সংখ্যা কয়েকশ পর্যন্ত হতে পারে।
/এমপি/