হিন্দুস্তান টাইমসের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে হায়েদ্রাবাদের মিয়াপুর থেকে বাসটি যাত্রা করে। রবিবার দিনগত রাত আড়াইটার খাম্মাম এলাকায় বাসটি একটি সেতুতে ওঠার পর অপর দিক থেকে আসা আরেকটি গাড়ি বাসটিকে ধাক্কা দেয়। তখন সেতুর দেয়ালে ধাক্কা খেয়ে বাসটি খালে পড়ে যায়। ঘটনাস্থলে সাতজন এবং হাসপাতালে ভর্তি করার পর আরও সাতজনের মৃত্যু হয়।
তবে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, বাসটি নিয়ন্ত্রণ হারানোর পর উল্টে গিয়ে খালের ৩০ ফুট নিচে পড়ে যায়। পরে দমকল বাহিনী ও জরুরি সেবা বিভাগের কর্মীরা এসে বাসের ভেতর থেকে কয়েকজনকে জীবিত উদ্ধার করেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, খালে পড়ে যাওয়া বাসটির উপরের পাটাতনে যারা ঘুমাচ্ছিলেন তারাই বেশি আঘাত পেয়েছেন এবং ডুবে গেছেন। আহতদের অভিযোগ, চালকের অবহেলাজনিত কারণে বাসটি দুর্ঘটনার মিকার হয়েছে। তাদের দাবি, চালক প্রচণ্ড গতিতে বাস চালাচ্ছিল এবং সেতুতে পৌঁছানোর পর হঠাৎ ব্রেক করেছিল। আর তখন বাসটি উল্টে গিয়ে খালে পড়ে যায়।
বাস দুর্ঘটনার খবরে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে, চন্দ্রশেখর রাও এবং অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন চন্দ্রশেখর। সূত্র: আইবিটাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস
/এফইউ/