‘বর্ণবাদী’ সাংবাদিককে সম্মাননা দিয়ে বিপাকে হাঙ্গেরি

জোল্ট বায়ারহাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ঘনিষ্ঠ এক প্রভাবশালী সাংবাদিককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার পর বিপাকে পড়েছে সে দেশের সরকার। বর্ণবাদী’ বিতর্কিত এ ব্যক্তিকে সম্মাননা দেওয়ার পর অব্যাহত রয়েছে প্রতিবাদ। সরকারের এই সিদ্ধান্তে নিজেদের পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন অতীতে একই সম্মাননা পাওয়া বেশ কয়েকজন। হাঙ্গেরির সংবাদমাধ্যমের হিসেব অনুযায়ী, সোমবার (২২ আগস্ট) সন্ধ্যা নাগাদ ৪৪ জন সাবেক সম্মাননাপ্রাপ্ত ব্যক্তি নিজেদের পুরস্কার ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান খবরটি নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) হাঙ্গেরির বেশ কয়েকজন নাগরিককে অর্ডার অব মেরিট অব দ্য নাইট’স ক্রস সম্মাননা প্রদান করেন দেশটির প্রেসিডেন্ট জানোস আদের। সম্মাননাপ্রাপ্তদের একজন সাংবাদিক জোল্ট বায়ার। ডানপন্থী দৈনিক ম্যাগিয়ার হিরলাপ-এ মাঝে মাঝে কলাম লিখেন তিনি। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বিভিন্ন সময়ে ক্যামেরায় ধরা পড়েছেন তিনি। তিনি একটি নাগরিক সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা। ওই সংগঠনকে বিভিন্ন সময়ে সরকারপন্থী মিছিল আয়োজন করতে দেখা যায়।
অতীতে হাঙ্গেরির সবচেয়ে বড় সংখ্যালঘু গোষ্ঠী রমার অন্তর্ভূক্ত লোকজনকে পশুর সঙ্গে তুলনা করতে দেখা গেছে তাকে। বায়ারের রমাবিরোধী মন্তব্য প্রকাশের কারণে ২০১৩ সালে ম্যাগিয়ার হিরলাপ পত্রিকার বিরুদ্ধে হাঙ্গেরির সংবাদপত্র নিয়ন্ত্রণকারী সংস্থা ১ হাজার ডলার জরিমানা করেছিল। সম্প্রতি হাঙ্গেরির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, কমিউনিজমের বলি হওয়া মানুষদেরকে নিয়ে কাজ করার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়েছে। এ সম্মাননা প্রত্যাহার করে নেওয়ার কোনও পরিকল্পনা নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বায়ার
তবে বিতর্কিত এ ব্যক্তিকে একই সম্মাননা দেওয়ায় নিজেদের পুরস্কার ধরে রাখতে বিব্রতবোধ করছেন আগের সম্মাননাপ্রাপ্তরা। সোমবার সন্ধ্যা নাগাদ বিজ্ঞানী, শিল্পী ও শিক্ষাবিদসহ অন্তত ৪৪ জন ব্যক্তি তাদের সম্মাননা ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। হাঙ্গেরির সবচেয়ে বড় ইহুদি প্রতিষ্ঠান মাজসিহিজের প্রধান আন্দ্রাজ হেইসলার জানান, ২০১১ সালে পাওয়া সম্মানা তিনি ফিরিয়ে দিচ্ছেন। বায়ারের মতো মানুষদের সঙ্গে একই দলে থাকতে চান না বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে সাবেক সম্মাননাপ্রাপ্তদের ক্ষোভ প্রকাশের প্রতিক্রিয়ায় বায়ার বলেছেন কেন সাবেক সম্মাননাপ্রাপ্তরা পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন তা তিনি বুঝতে পারছেন না। এক টেলিভিশন অনুষ্ঠানে প্রতিক্রিয়া জানিয়ে তিনি অভিযোগ করেন, তার বক্তব্যগুলোর ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং প্রসঙ্গের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

/এফইউ/বিএ/