নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে বড় সাফল্য হিসেবে দেখছে উ. কোরিয়া

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সাবমেরিন থেকে পরিচালিত ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে সফল বলে দাবি করেছেন। তিনি এটিকে ‘বড় রকমের সাফল্য’ বলে উল্লেখ করেন।

সাবমেরিন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রত্যক্ষ করেন উন

কিম জং উন ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, এই পরীক্ষা দ্বারা পারমাণবিক সামরিক শক্তির নিরিখে ‘সামনের সারিতে’ চলে আসবে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-এর বরাত দিয়ে একথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

বুধবার সাবমেরিন (২৪ আগস্ট) থেকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। কেএন-১১ ক্ষেপণাস্ত্রটি ৩০০ মাইল বা ৫০০ কিলোমিটার পর্যন্ত উড়ে যায়। দক্ষিণ কোরিয়া সরকার ও বিশেষজ্ঞরা জানান, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রকল্প কারিগরি দিক থেকে উন্নত হয়েছে।

ক্ষেপণাস্ত্রটি ৫০০ কিলোমিটার উড়েছে

উল্লেখ্য, জাতিসংঘ সনদ অনুযায়ী পরমাণু ও ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র উন্নয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উ. কোরিয়া। তবে দক্ষিণে থাড নামে পরিচিত উচ্চ প্রযুক্তির মিসাইল প্রতিরোধ ব্যবস্থা মোতায়েন নিয়ে গত জুলাইয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি হওয়ার পর নড়েচড়ে বসে দেশটি। দক্ষিণ কোরিয়ায় উচ্চতর ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণার বিপরীতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করে উ. কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিপরীতে একে তারা যোগ্য জবাব বলে মনে করে। 

কিম উনের উচ্ছ্বাস

উত্তর কোরিয়ার এক কর্মকর্তা কেসিএনএ-কে বলেন, ‘সাবমেরিন পরিচালিত ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। নেতার (উন) উপস্থিতিতে কোরিয়ান পিপলস আর্মি এই পরীক্ষা চালায়।’     

ওই কর্মকর্তা আরও বলেন, ‘তিনি এই পরীক্ষাকে সাধুবাদ জানিয়ে বলেছেন, এটা উত্তর কোরিয়ার সফলতম ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলোর একটি এবং একটি বিজয়। এই পরীক্ষার দ্বারা ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া সামরিক শক্তিতে স্বয়ংসম্পূর্ণ হলো ও পারমাণবিক শক্তিতে প্রথম সারিতে এলো।’ 

কেসিএনএ এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় স্থান ইত্যাদি সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি। 

সাবমেরিন থেকে উত্তর কোরিয়া এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়

তবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি উপকূলীয় নগরী সিনপোতে হয়ে থাকতে পারে। সিনপো নগরের নিকটবর্তী সাবমেরিনের ওই ঘাঁটিটি জাপানমুখী বলে জানা গেছে।

ক্ষেপণাস্ত্রটি জাপানের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে পড়ার কথা নিশ্চিত করে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে ক্ষোভ প্রকাশ করেছেন। এ ধরনের কর্মকাণ্ড জাপানের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি বলে উল্লেখ করেন তিনি।

মার্কিন পররাষ্ট্র দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘উত্তর কোরিয়ার নতুন ও আগের সব ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে জাতিসংঘ বরাবর উদ্বেগ জানানো হবে।’

সূত্র: গার্ডিয়ান।

/ইউআর/এসএ/বিএ/