ভারতে তুলার জিএম বীজ থেকে পিছু হটলো মনসান্তো

nonameতুলার জেনিটিক্যালি মডিফাইড বীজ প্রবর্তনের জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল বহুজাতিক বীজ কোম্পানি মনসান্তো। তবে প্রযুক্তিগত তথ্য প্রদানের ইস্যুতে শেষ পর্যন্ত সে আবেদন প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

এর মধ্য দিয়ে বিশ্বের বৃহত্তম এ বীজ কোম্পানির সঙ্গে ভারত সরকারের দীর্ঘদিনের দূরত্ব আরও বৃদ্ধি পেয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

ভারতে মনসান্তো’র স্থানীয় অংশীদারের লেখা এক চিঠিতে তাদের প্রতিষ্ঠানের প্রতি সরকারের প্রস্তাবের তীব্র আপত্তি জানানো হয়।

ভারত সরকারের পক্ষ থেকে মনসান্তোর প্রতি বলা হয়েছিল, তারা যেন বাধ্যতামূলকভাবে স্থানীয় বীজ কোম্পানিগুলোর সঙ্গে তাদের প্রযুক্তি ভাগাভাগি করে।

বলা হচ্ছে, মনসান্তোর মতো একটি বহুজাতিক কোম্পানির সঙ্গে এমন বিরোধের জেরে নরেন্দ্র মোদি’র বিদেশি বিনিয়োগ আকর্ষণের যে প্রচেষ্টা সেটা বাধাগ্রস্ত হবে।

জিএম তুলাবীজ উৎপাদন থেকে সরে আসার সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের কাছে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন মনসান্তোর মুখপাত্র। পরিবেশ মন্ত্রণালয়ের মুখপাত্রও এ বিষয়ে সাংবাদিকদের কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।

উল্লেখ্য, বিশ্বজুড়ে পরিবেশবাদীরা জিএম বীজ বা জিএম শস্যের বিরোধিতা করে আসছেন। জিএম খাদ্যশস্যের বাণিজ্যিক চাষাবাদ নিয়ে আপত্তির ক্ষেত্রে যে যুক্তিগুলো তুলে ধরা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, খাদ্যশস্যসহ বিভিন্ন জিএমও’র ওপর কোম্পানির মেধাস্বত্ব অধিকার অর্জন অর্থাৎ পেটেন্ট আগ্রাসন বা বায়োপাইরেসি, খাদ্য সরবরাহ এবং খাদ্য নিরাপত্তার ওপর বহুজাতিক এগ্রো করপোরেশনের একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আশঙ্কা, মানুষের স্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা এবং পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব।

/এমপি/