নেহেরু বিশ্ববিদ্যালয়ের আন্দোলন

রাষ্ট্রদ্রোহ মামলায় নিয়মিত জামিন পেলেন কানহাইয়া, উমর, অনির্বাণ

কথিত রাষ্ট্রদ্রোহিতায় অভিযুক্ত জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার, অর্নিবাণ ভট্টাচার্য ও উমর খালিদের ‘অন্তর্বর্তীকালীন জামিন’-এর স্থলে নিয়মিত জামিন মঞ্জুর করেছেন দিল্লির একটি আদালত।

কানহাইয়া-উমর-অনির্বাণ

অনিরিক্ত সেশন কোর্টের বিচারক রীতেশ সিং তার রায়ে বলেন, ‘কানহাইয়া কুমার অর্নিবাণ ভট্টাচার্য ও উমর খালিদ পুলিশের তদন্তে সংযুক্ত হয়েছেন। আমি তাদের একই শর্তে নিয়মিত জামিন মঞ্জুর করছি।’

এর আগে সরকার পক্ষের আইনজীবী রাজীব মোহন আদালতকে জানান, ওই অভিযুক্তরা পুলিশের তদন্তে সহযোগিতা করেছেন এবং অন্তর্বর্তী জামিনের কোনও শর্ত ভঙ্গ করেননি।

চলতি বছরের ২ মার্চ কানহাইয়াকে দেওয়া ছয় মাসের জামিনের মেয়াদ ১ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল। এর পরিপ্রেক্ষিতে কানহাইয়া কুমার ১৭ আগস্ট দিল্লি হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিনের পরিবর্তে নিয়মিত জামিনের আবেদন করেন। তখন তার আবেদন সেশন কোর্টে স্থানান্তর করা হয়। এরপর শুক্রবার অন্তর্বর্তীকালীন জামিনে থাকা ওই তিন শিক্ষার্থীকেই নিয়মিত জামিন দেওয়া হয়।

তাদের বিরুদ্ধে ভারতীয় প্যানাল কোড ১২৪-ক ধারা অনুযায়ী, ভারত-বিরোধী স্লোগান দেওয়ার জন্য ‘রাষ্ট্রদ্রোহ’ মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে কাশ্মিরের স্বাধীনতাপন্থী হিসেবে পরিচিত আফজাল গুরুর ফাঁসির বিরোধিতা করে অনুষ্ঠান আয়োজন ও তাতে ‘রাষ্ট্রদ্রোহী’ স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। রাষ্ট্রদ্রোহিতার মূল অভিযোগ রয়েছে ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে। উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্য গত ২২ ফেব্রুয়ারি আত্মসমর্পণ করেন। এর আগে ১২ ফেব্রুয়ারি কানহাইয়া কুমার গ্রেফতার হন। পরবর্তীতে দিল্লি হাইকোর্ট তাদের তিনজনকেই অন্তর্বর্তীকালীন জামিন দেন।  

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এসএ/