উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম করিমভের মৃত্যুর খবর নিশ্চিত

ইসলাম করিমভউজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম করিমভের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সরকার। তার মৃত্যুর ছয়দিন পর তা নিশ্চিত করা হলো।
ইসলাম করিমভের স্বাস্থ্য নিয়ে তীব্র জল্পনা-কল্পনা চলছিল গত কয়েকদিন ধরে। শেষ পর্যন্ত উজবেক সরকার তার মৃত্যুর খবর নিশ্চিত করল। উজবেকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, ছয়দিন আগে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।
৭৮ বছর বয়সে মারা যাওয়া এই প্রেসিডেন্ট ২৭ বছর ধরে দেশটির ক্ষমতায় ছিলেন। তার শেষকৃত্য অনুষ্ঠান পরিচালনা করবেন প্রধানমন্ত্রী শাভকাত মিরজিওয়েভ। তাকেই পরবর্তী প্রেসিডেন্ট বলে মনে করা হচ্ছে। তবে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উপ-প্রধানমন্ত্রী রুস্তাম আজিমভের নামও শোনা যাচ্ছে।
তিনদিনের রাষ্ট্রীয় শোক পালনের পর ইসলাম করিমভকে শনিবার তার নিজ শহর সমরখন্দে দাফন করা হবে।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর সেখান থেকে বেরিয়ে আসা উজবেকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবেক কমিউনিস্ট নেতা ইসলাম আবদুগানিয়েভিচ করিমভ। উজবেকিস্তানে এখন পর্যন্ত সেটাই ছিল সর্বশেষ ‘প্রকৃত’ নির্বাচন।
ক্ষমতায় আসার পর তিনি সমালোচক এবং রাজনৈতিক বিরোধীদের জেলে পাঠাতে শুরু করেন। অনেককে নির্বাসনে পাঠানো হয়। ইসলামপন্থীদের সঙ্গে সম্পর্ক আছে সন্দেহে হাজার হাজার মুসলমানকে তিনি কারাবন্দী করেন। তিনি দাবি করেন যে উজবেকিস্তান তাদের মতো করে গণতন্ত্রের চর্চা করছে।

ইসলাম করিমভের এই কথিত গণতন্ত্রে বাকস্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতার কোন বালাই ছিল না। ১৯৯৯ সালে তিনি এক হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে যান। এরপর তিনি বিরোধীদের ওপর দমন-নিপীড়ন আরও তীব্র করেন।

২০০৫ সালে আনদিজানে এক সরকারবিরোধী গণবিক্ষোভ দমন করা হয় নির্মমভাবে। মানবাধিকার সংগঠনগুলো জানায়, সেখানে শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীকে সেনারা হত্যা করে।

সূত্র: বিবিসি।

/এসএ/