ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যাত্রীবাহী বাসটি কান্দাহার থেকে কাবুল যাচ্ছিল। সেসময় জাবুল প্রদেশের জিলদাক এলাকায় তেলের ট্যাংকারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসে আগুন ধরে গেলে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। তবে অনেকের শরীর পুরোপুরি পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। আহতদেরকে জাবুলের রাজধানী কালাত এবং কান্দাহার প্রদেশের হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
জাবুলের প্রাদেশিক সরকারের মুখপাত্র গুল ইসলাম সেয়াল ওই দুর্ঘটনার জন্য গাড়ি দুটির চালককে দায়ী করেছেন। তার দাবি, চালকরা বেপরোয়াভাবে গাড়িগুলো চালাচ্ছিল।
উল্লেখ্য, ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা এবং নড়বড়ে গাড়ি চলাচলের কারণে আফগানিস্তানে অনেক মানুষকে দুর্ঘটনায় প্রাণ হারাতে হচ্ছে। তাছাড়া কাবুল-কান্দাহার সড়কটি জঙ্গি তৎপরতা কবলিত। আর সেকারণে জঙ্গিদের এড়াতে ওই এলাকায় অনেকসময় গাড়ির গতি বাড়িয়ে দেয় চালকরা। গত মে মাসে গজনী প্রদেশের হাইওয়েতে দুটি বাস আর একটি তেলের ট্যাংকারের মধ্যে সংঘর্ষে ৭৩ জনের প্রাণহানি হয়েছিল। ২০১৩ সালের এপ্রিলে একই ধরনের দুর্ঘটনায় অন্তত ৩০ জনের প্রাণহানি হয়।
/এফইউ/