যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারী হত্যায় একজন গ্রেফতার, অভিযোগ গঠন

নাজমা খানমযুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ছুরিকাঘাতে বাংলাদেশি নারী নাজমা খানমকে হত্যার ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরইমধ্যে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। রবিবার নিউ ইয়র্ক পুলিশের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (৩১ আগস্ট) রাতে নিজ বাড়ির সামনে নাজমা খানম নামের ওই বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ৬০ বছর বয়সী ওই নারী পরিবারসহ কুইন্সের জ্যামাইকা হিলস এলাকায় থাকতেন। বুধবার রাত সোয়া ৯টার দিকে জ্যামাইকা হিলসের নরমাল রোড দিয়ে হাঁটার সময় নাজমা খানমকে ছুরিকাঘাত করা হয়। পুলিশ জানিয়েছে, নাজমা খানমের বুকে চার ইঞ্চি দৈর্ঘের ছুরি ঢুকিয়ে দেওয়া হয়। ছুরিকাঘাতে আহত হয়ে চিৎকার করে ওঠেন নাজমা। চিৎকার শুনে নাজমা খানমের স্বামী ঘটনাস্থলে ছুটে যান। নাজমাকে দ্রুত জ্যামাইকা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে পলায়নরত অবস্থায় শনাক্ত করা হয়।
যে এলাকায় নাজমা খানমকে হত্যা করা হয়
পুলিশ জানিয়েছে নাজমা খানমকে হত্যার ঘটনায় নিহত ব্যক্তির নাম ইয়োনাতান গালভেজ-মারিন। ঘটনার দিন নাজমা খানমের কাছ থেকে মারিন টাকা চাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। নাজমা খানম টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর তাকে কয়েকবার ছুরিকাঘাত করে মারিন পালিয়ে যায় বলে সন্দেহ করছে পুলিশ। গালভেজ-মারিনের বয়স ২২ বছর। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি মার্ডার, ডাকাতি ও অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।

নাজমা খানম নিহত হওয়ার এক মাসেরও কম সময় আগে নিউ ইয়র্কের কুইন্সে দুর্বৃত্তের হামলায় ইমামসহ দুই বাংলাদেশি নিহত হন। বাংলাদেশি ইমাম মাওলানা আখঞ্জি এবং তার সহযোগী তারা উদ্দিনকে হত্যার পেছনে ‘ধর্মীয় বিদ্বেষ’ কাজ করেছে বলে সে সময়ই অভিযোগ করে বাংলাদেশ কমিউনিটি। নাজমা খানমকে হত্যার ঘটনাকেও ‘ধর্মীয় বিদ্বেষমূলক’ হামলা বলে অভিযোগ করা হচ্ছে। তবে বাংলাদেশি ইমাম ও তার সহযোগীকে হত্যার ঘটনার মতোই নাজমা খানমের ঘটনায়ও ‘ধর্মীয় বিদ্বেষের আশঙ্কাকে বড় করে দেখছে না নিউ ইয়র্ক পুলিশ বিভাগ। তবে পুলিশ বিভাগের বিদ্বেষমূলক অপরাধ তদন্তকারী ইউনিট ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে।

নিহতের ভাতিজা নিজেই নিউ ইয়র্ক পুলিশ বিভাগে ট্রানজিট অফিসার হিসেবে কাজ করছেন। গত শুক্রবার জ্যমাইকা মুসলিম সেন্টারে নাজমা খানমের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে আগতোদের অনেকেই এ ঘটনাকে বিদ্বেষমূলক হামলা হিসেবে অভিহিত করেন।

/এফইউ/