অবশেষে আইএস নেতা আদনানির মৃত্যু নিশ্চিত করলো পেন্টাগন

nonameঅবশেষে আইএস নেতা আবু মুহাম্মদ আল-আদনানির মৃত্য নিশ্চিত করলো মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছে।
গত ৩০ আগস্ট সিরিয়ায় আইএসকে লক্ষ্য করে বিমান হামলা চালায় মার্কিন জোট। সে সময় ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের মুখপাত্র পিটার কুক জানান, আলেপ্পো প্রদেশের আল-বাব এলাকায় মার্কিন বাহিনী অভিযান চালিয়েছে। তবে ওই হামলায় আদনানি নিহত হয়েছেন কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছিলেন তিনি। এবার আদনানির মৃত্যুর খবর নিশ্চিত করলো তারা।
পেন্টাগন সে সময় দাবি করে, সিরিয়ার আলেপ্পোতে নিহত আইএস নেতা আবু মোহাম্মদ আল-আদনানি গুলশান হামলাসহ বিশ্বের উল্লেখযোগ্য বেশ কয়েকটি হামলার পরিকল্পনাকারী ছিলেন। ওয়াশিংটনে পেন্টাগনের মুখপাত্র পিটার কুক এ দাবি করেছেন বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
উল্লেখ্য, পেন্টাগন আজ এসে আইএস নেতার মৃত্যুর খবর নিশ্চিত করলেও আলেপ্পোতে আবু মুহাম্মদ আল-আদনানি নিহত হওয়ার দিনেই তার মৃত্যুর খবর নিশ্চিত করে আইএস। আর ৩১ আগস্ট আদনানির মৃত্যুর খবর নিশ্চিত করে রাশিয়া।

মার্কিন নেতৃত্বাধীন জোটের অভিযানে নিহত আইএস নেতা আবু মোহাম্মদ আল-আদনানি জঙ্গি সংগঠনটির মুখপাত্র ছিলেন। তবে পিটার কুক দাবি করেছেন, আদনানির ভূমিকা কেবল জঙ্গি সংগঠনটির মুখপাত্র হওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না।

তার দাবি, গত বছর এবং এ বছরের বেশ কয়েকটি উল্লেখযোগ্য হামলার ক্ষেত্রে আদনানির ভূমিকা ছিল। কুকের মতে, আইএস-এর বিদেশি অভিযানগুলোর ‘মূল স্থপতি’ ছিলেন আদনানি। আর তারই অংশ হিসেবে প্যারিস হামলা, ব্রাসেলস হামলা, ইস্তাম্বুল বিমানবন্দরে হামলা এমনকি গুলশান হামলার ক্ষেত্রেও তার বড় ধরনের ভূমিকা ছিল বলে দাবি করেছেন কুক। সিনাই উপত্যকায় রুশ বিমান ভূপাতিত করা এবং আঙ্কারার র্যা লিতে আত্মঘাতী হামলার পেছনেও আদনানির ভূমিকা রয়েছে বলে দাবি করেন পিটার কুক। এসব হামলায় ১৮০০-রও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন প্রায় ৪ হাজার মানুষ।

তার মতে, আদনানির মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেলে তা আইএস-এর বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য বলে বিবেচিত হবে।
কুকের দাবি, আইএস জঙ্গিদেরকে সমন্বিত করার কাজ করতেন আদনানি। আইএসের জন্য সদস্য সংগ্রহ করা ছাড়াও সামরিক ও বেসামরিকদের ওপর লোন উলফ হামলা চালানোর আহ্বান জানাতেন তিনি।
উল্লেখ্য, অবিশ্বাসীদের ওপর হামলা চালাতে নিয়মিত আহ্বান জানিয়ে আসছে আইএস। ২০১৪ সালের সেপ্টেম্বরে সিরিয়ার ইদলিবের বাসিন্দা আদনানিও এমন একটি আহ্বান জানিয়েছিলেন। ফরাসি ও মার্কিন নাগরিকদের ওপর পাথর, ছুরি এমনকি গাড়ি নিয়ে হামলা চালানোর জন্য সমর্থকদের পরামর্শ দেন তিনি। মার্কিন পররাষ্ট্র দফতর আল-আদনানিকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে এবং তার সম্পর্কে তথ্যের বিনিময়ে পঞ্চাশ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিলো। আল-আদনানির সর্বশেষ বার্তা শোনা গেছে মে মাসে। সূত্র: রয়টার্স, এএফপি, ইয়াহু নিউজ
/বিএ/