পাকিস্তানে সার্ক সম্মেলনে অংশ নিচ্ছেন না মোদি

নরেন্দ্র মোদিআসন্ন সার্ক সম্মেলনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৭ সেপ্টেম্বর ২০১৬ তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ওই বিবৃতির বরাত দিয়ে ভারতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিআই’তে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে।

আগামী নভেম্বরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারত অধিকৃত কাশ্মিরের সেনাঘাঁটিতে চলতি মাসের ১৮ তারিখের হামলাকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যকার সম্পর্ক চরমে পৌঁছায়। মূলত এর প্রেক্ষিতেই ভারত এমন সিদ্ধান্ত নিয়েছে।

ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ‘একটি দেশ’ এমন পরিস্থিতি তৈরি করেছে যা সার্ক সম্মেলন সফল হওয়ার জন্য সহায়ক নয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভারতের পক্ষ থেকে সার্কের বর্তমান চেয়ারম্যান নেপালের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে যে, এ অঞ্চলে আন্তঃসীমান্ত সন্ত্রাসী হামলা বৃদ্ধি এবং একটি দেশের দ্বারা অন্য সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বাড়ছে। এর ফলে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তা ২০১৬ সালের নভেম্বরে ইসলামাবাদে সফল সার্ক সম্মেলনের জন্য সহায়ক নয়। বিরাজমান পরিস্থিতিতে ইসলামাবাদে প্রস্তাবিত সার্ক সম্মেলনে অংশগ্রহণের ভারত সরকার অপারগ।

বিবৃতিতে আরও বলা হয়, ভারত এটা অনুধাবন করতে পারছে যে, ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সার্ক সম্মেলনে অংশগ্রহণের ব্যাপারে সার্কের অন্য সদস্য দেশগুলোও তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছে।

/এমপি/