পাঞ্জাবে জম্মু-কাশ্মিরের লাইন অব কন্ট্রোলের কাছে সুনির্দিষ্ট লক্ষ্যে হামলার ( সার্জিক্যাল স্ট্রাইক) প্রভাব পড়ার আশঙ্কা তৈরী হয়েছে। জম্মু-কাশ্মির সীমান্ত-লাগোয়া এই ভারতীয় রাজ্যের সীমান্তবর্তী গ্রামগুলো খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।
টাইমস নাউ নিজস্ব সূত্রের বরাতে তাদের প্রতিবেদনে দাবি করে, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের বিভিন্ন জঙ্গিঘাঁটি লক্ষ্য করে পরিচালিত হামলায় ৯ সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। অন্তত ৩৫ জন জঙ্গি নিহত হয়েছে বলেও দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। আর ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে, হামলা চালানো হয়েছে অন্তত ৭টি জঙ্গি ঘাঁটিতে। বুধবার দিনগত রাত আড়াইটা থেকে ৮টা পর্যন্ত ওই অভিযান পরিচালিত হয়।
বৃহস্পতিবার সরকার ও রাজনৈতিক সংগঠনগুলোকে জরুরি অবস্থার মধ্যে রেখেছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সকালে মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলকে ফোন করে অবিলম্বে আন্তর্জাতিক সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে অবস্থিত গ্রামগুলো খালি করে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন।
বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সীমান্তবর্তী ফিরোজপুর, অমৃতসর, তারান তারন, গুড়দাসপুর ও পাঠানকোটে উচ্ছেদ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন।
এ ছাড়াও গ্রামবাসী যেন কোন কঠিন পরিস্থিতিতে না পড়েন তা নিশ্চিত করতে বলা হয়েছে। তাদের নিরাপদ অপসারণ নিশ্চিত করতে প্রত্যেক ডেপুটি কমিশনারকে ১ কোটি রুপি দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, জম্মু-কাশ্মিরের সীমান্ত অঞ্চলে (লাইন অব কন্ট্রোল) ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি হয়েছে নাকি ভারত পাকিস্তান সীমান্তের অভ্যন্তরে হামলা চালিয়েছে, তা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে দিল্লি ও ইসলামাবাদ। ভারত বলছে, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে দেশটির সেনাবাহিনী পাকিস্তানি জঙ্গি আস্তানাগুলোতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালিয়েছে। অন্যদিকে পাকিস্তান বলছে, ভারত মিথ্যে কথা বলে নিজেদের প্রতিপত্তির জানান দিতে চাইছে; তারা নিয়ন্ত্রণ রেখা পেরোয়নি, বরং এটি সীমান্ত সংঘর্ষ। সার্জিক্যাল স্ট্রাইক দিয়ে এমন সামরিক অভিযানকে বোঝানো হয়, যে অভিযানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর বাইরে আশপাশের অবকাঠামো কিংবা জনসাধারণ হামলার শিকার হয় না বলে দাবি করা হয়। আর সীমান্ত সংঘর্ষ হলো আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনা।
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
/ইউআর/বিএ/