‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর জবাব

জম্মু-কাশ্মির সীমান্তে ৮ ভারতীয় সেনা হত্যার দাবি পাকিস্তানের

111

বৃহস্পতিবার ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলায় নিহত হয়েছে ৮ ভারতীয় সেনা। এ ছাড়াও এক ভারতীয় সেনাকে আটক করেছে পাকিস্তানি বাহিনী। পাকিস্তান সেনা বাহিনী সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ভারতের তরফ থেকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এ ৯ পাকিস্তানি সেনা ও ৩৫ থেকে ৪০ জঙ্গিকে হত্যার কথা জানানোর পর পাকিস্তানের তরফ থেকে ভারতীয় সেনা হত্যার কথা জানানো হলো।

সার্জিক্যাল স্ট্রাইক দিয়ে এমন সামরিক অভিযানকে বোঝানো হয়, যে অভিযানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর বাইরে আশপাশের অবকাঠামো কিংবা জনসাধারণ হামলার শিকার হয় না বলে দাবি করা হয়। আর সীমান্ত সংঘর্ষ হলো আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনা।

উল্লেখ্য,  জম্মু-কাশ্মিরের সীমান্ত অঞ্চলে (লাইন অব কন্ট্রোল) ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি হয়েছে নাকি ভারত পাকিস্তান সীমান্তের অভ্যন্তরে হামলা চালিয়েছে, তা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে দিল্লি ও ইসলামাবাদ। ভারত বলছে, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে দেশটির সেনাবাহিনী পাকিস্তানি জঙ্গি আস্তানাগুলোতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালিয়েছে। অন্যদিকে পাকিস্তান বলছে, ভারত মিথ্যে কথা বলে নিজেদের প্রতিপত্তির জানান দিতে চাইছে; তারা নিয়ন্ত্রণ রেখা পেরোয়নি, বরং এটি সীমান্ত সংঘর্ষ।

পাকিস্তানি সূত্রের দাবি, ভারতীয় বাহিনী সীমানা বরাবর গুলি চালালে দুই পাকিস্তানি সেনা নিহত হয়। সে সময়ই ওই ভারতীয় সেনাকে আটক করা হয়।

জিও নিউজের ক্যাপিটাল টক শোতে সাংবাদিক হামিদ মির বলেন, দুইটি সেক্টরে ১৪ ভারতীয় সেনা নিহত হন। প্রতিরক্ষা বিশেষজ্ঞ মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ইজাজ আওয়ান এই দাবি করেন। আটককৃত সেনা চান্দু বাবুলাল চৌহানকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় পাকিস্তানি সেনা সূত্র।

পাকিস্তান জানায়, আটককৃত চান্দু বাবুলাল চৌহানের পিতার নাম বাশান চৌহান, বয়স ২২ বছর। তিনি হিন্দু ধর্মাবলম্বী ও মহারাষ্ট্রের বাসিন্দা।

নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষে নিহত ভারতীয় সেনাদের মৃতদেহ এখনও পায়নি ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের নিরাপত্তা সূত্র দাবি করে, পাকিস্তানি সেনাবাহিনীর ভয়ে ওই মৃতদেহগুলো নিতে আসেনি ভারতীয় সেনাবাহিনী।

পাকিস্তানি ও ভারতীয় নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি বিনিময় শুরু হয় রাত আড়াইটা নাগাদ এবং তা সকাল আটটা পর্যন্ত অব্যাহত থাকে। আইএসপিআর সূত্র জানায়, বিনা উস্কানিতে ভারতীয় বাহিনী গুলি চালালে পাকিস্তানি বাহিনী তার জবাব দেয়।

এই গোলাগুলির কিছুক্ষণের মধ্যেই সকালে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী দিল্লিতে এক সংবাদ সম্মেলন করেন। তাতে ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রবিন সিং বলেন, ভারত জঙ্গিদের বিরুদ্ধে সারজিক্যাল স্ট্রাইক চালিয়েছে।তবে ভারতের আই দাবি আমলে আনেনি পাকিস্তান। এদিকে পাকিস্তান বিমান বাহিনী জানিয়েছে, যে কোন মূল্যে পাকিস্তানের আকাশ শত্রুমুক্ত রাখা হবে।

সূত্র: ডন

/ইউআর/বিএ/