পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অসীম বাজওয়ার দাবির বরাত দিয়ে ডন জানিয়েছে, ‘ঘটনাস্থলে সার্জিক্যাল স্ট্রাইকের কোনও আলামত পাওয়া যায়নি। আর তাতে প্রমাণ হয় ভারতীয় দাবির সত্যতা নেই।’
উল্লেখ্য,ভারতীয় সেনাবাহিনীর দাবি অনুযায়ী বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সেনারা সন্ত্রাসী ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। ওই অভিযানে ৯ পাকিস্তানি সেনা ও ৩৫ থেকে ৪০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়। ঘটনার পর থেকে দুই সেনা সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করে পাকিস্তান দাবি করে আসছে এটি সার্জিক্যাল স্ট্রাইক ছিল না, সীমান্ত সংঘর্ষ বা আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনা ছিল।
দুই দেশের উত্তেজনার মধ্যে ভারতীয় দাবিকে মিথ্যে প্রমাণ করতে শনিবার সংবাদমাধ্যমগুলোকে ঘটনাস্থল পরিদর্শনে নিয়ে যায় পাকিস্তানি সেনাবাহিনী। সেসময় সাংবাদিকদের উদ্দেশ্য করে অসীম বাজওয়া বলেন, ‘উত্তেজনা সৃষ্টি এবং যুদ্ধের প্রচার কাউকেই মানায় না। আমরা উত্তেজনা বাড়ানো, কিংবা উসকানি দেওয়ার কোনও কাজই করতে চাই না, যুদ্ধবাজিকে প্রণোদনা দেয়, এমন সব ধরনের শব্দ ভারতের পক্ষ থেকেই ব্যবহার করা হচ্ছে।’
নিজেদের দাবির ব্যাপারে স্বচ্ছ এবং খোলাখুলি হওয়ার জন্য ভারতকে চ্যালেঞ্জ জানান বাজওয়া। তিনি জানান, গত ২৮-২৯ সেপ্টেম্বর কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় অস্ত্রবিরতির লঙ্ঘন হয়েছে কিনা তা নিয়ে জাতিসংঘের তদন্তে পাকিস্তান সহায়তা করছে। তবে ঘটনাটি খতিয়ে দেখতে ভারতীয় কর্তৃপক্ষ নিজেদের নাগরিকদেরও সুযোগ দিচ্ছে না উল্লেখ করে এ ব্যাপারে বিস্ময় প্রকাশ করেন তিনি।
/এফইউ/বিএ/