রবিবার (২ অক্টোবর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, সোমবার করাচির আকাশসীমায় বিদেশি বিমান চলাচলে কড়াকড়ি আরোপ করার পর এবার লাহোরের আকাশসীমায়ও নিচু দিয়ে বিদেশি বিমান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রথমে করাচিতে ৩৩ হাজার ফুটের নীচ দিয়ে ওড়া বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি হয়। এরপর লাহোরে ২৯ হাজার ফুটের নীচে উড়ার ওপর নিষেধাজ্ঞার পর প্রায় গোটা দেশের আকাশসীমায়ই বিধি-নিষেধের আওতায় রয়েছে। করাচির বিধিনিষেধ এক সপ্তাহের জন্য জারি করা হলেও লাহোরে ৩১ অক্টোবর পর্যন্ত তা বহাল থাকবে। পাকিস্তানের বিমান কর্তৃপক্ষ এক নোটিশে এ বিধি নিষেধের জন্য ‘পরিচালনাসংক্রান্ত কারণ’-এর উল্লেখ করেছে বলে জানায় টাইমস অব ইন্ডিয়া।
ভারতের একটি বিমান সংস্থার কমান্ডার সংবাদমাধ্যমটিকে বলেন, পাকিস্তানের বিমানবাহিনী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সেই কারণেই নিচ দিয়ে বিমান উড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তিনি বলেন, ‘ভারতকে লক্ষ্য করেই এমন কৌশল নেওয়া হয়েছে। কেননা, করাচি থেকে রাজস্থান ও গুজরাট সীমান্ত বেশি দূরে নয়। আর জম্মু-কাশ্মির এবং পাঞ্জাবের কাছে লাহোর অবস্থিত।’
আরেক কমান্ডার বলেন, পাকিস্তান সরকারের এই পদক্ষেপের কারণে পাকিস্তানের উপর দিয়ে পশ্চিম এশিয়া বা ইউরোপে যে বিমানগুলি যায় সেগুলিকে বেশি ঘুরে গন্তব্যে যেতে হবে। ফলে বেশি সময় লাগবে। অপর এক কমান্ডার বলেছেন, ভারতের বেশিরভাগ বিমানই পাকিস্তানের আকাশসীমা দিয়ে পশ্চিম এশিয়া বা ইউরোপ-আমেরিকায় যায় । সেই কারণে সমস্যায় পড়বে তারা। বিমান চলাচলের ক্ষেত্রে তাই বিকল্প রুট ব্যবহার করতে হবে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সরকারি বিমানসংস্থাকে ভারতের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হবে কিনা সে বিষয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে ভারতের প্রধানমন্ত্রীর দফতর। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
/এফইউ/বিএ/