জম্মু ও কাশ্মিরের স্থানীয় সংবাদপত্র কাশ্মির রিডার বন্ধ করে দিয়েছে সেখানকার রাজ্য সরকার। ‘সহিংস কার্যক্রমে উস্কানি’ দেওয়ার অভিযোগ তুলে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়। পত্রিকাটির ওয়েব ভার্সনে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশের একটি অনুলিপিও ছাপা হয়েছে।
কাশ্মির রিডারের সম্পাদক হিলাল মির জানান, রবিবার কজন পুলিশ কর্মকর্তা পত্রিকা কার্যালয়ে প্রবেশ করে জানান, শ্রীনগর জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছেন, প্রকাশনা বন্ধ করে দিতে হবে। নির্দেশের একটি অংশ কাশ্মির রিডার পত্রিকার ওয়েবসাইটে প্রকাশিতও হয়েছে। সেখান থেকে জানা যায়, সংবাদপত্রটি নিষিদ্ধ করা হয়েছে অশান্তি ও সহিংস পবিরেশ সৃষ্টিতে উসকানি দেওয়ার অভিযোগ তুলে।
জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে বলা হয়েছে, ওই পত্রিকায় ‘এমন কিছু বিষয় প্রকাশিত হয়েছে যা সহিংসতায় উস্কানি দিতে পারে এবং জনগণের শান্তি বিঘ্নিত করতে পারে।’ নির্দেশে আরও বলা হয়, ‘ফলে, জনগণের শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া সমীচীন মনে করছে কর্তৃপক্ষ।’
সোমবার সম্পাদক হিলাল মীর বলেন, ‘গতকাল সন্ধ্যায় পাঁচ ছয়জন পুলিশ অফিসার আমাদের অফিসে এসে প্রকাশনা বন্ধ করে দিতে বললেন। আমরা জানি না কেন, পরিস্থিতির পেছনে তো আমাদের কোন হাত নেই। যা ঘটছে তা-ই তো আমরা রিপোর্ট করছি, অন্য সব পত্রিকা যেভাবে রিপোর্ট করে থাকে আমরাও সেভাবেই করছি।’ তিনি আরও বলেন, ‘আমরা সম্পাদক-প্রকাশক আলোচনায় বসেছি, নির্দেশ অনুযায়ী কাজ করছি আমরা। তবে এ নির্দেশের বিপরীতে আইনি পদক্ষেপও নিতে পারি। আমরা জানতে চাই কেন এমনটা হলো।’
উল্লেখ্য, জুলাই মাসে তরুণ নেতা বুরহান ওয়ানি হত্যাকাণ্ডের পর কাশ্মিরের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন থেকে এখনও পর্যন্ত সংঘর্ষে কেবল সরকারি হিসেবেই নিহত হন ৮৩ কাশ্মিরি বিক্ষোভকারী। এ ছাড়াও ভারতীয় বাহিনীর ব্যবহৃত ছররা গুলিতে আহত হন নারী শিশুসহ ১২ হাজারের বেশি মানুষ। সম্প্রতি ভারতের দাবিকৃত সার্জিক্যাল স্ট্রাইকের পর কাশ্মিরের পরিস্থিতি আরও উত্তাল হয়ে উঠেছে।
চলমান উত্তেজনা নিরসনে ভারত ও পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে ফোনালাপ হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরিতে সেনাঘাঁটিতে হামলা এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর পর দুই দেশের নিয়ন্ত্রণ রেখায় চলমান উত্তেজনার প্রেক্ষিতে উভয় দেশের নিরাপত্তা উপদেষ্টারা পরস্পরের সঙ্গে কথা বললেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাজির জানুয়া নিয়ন্ত্রণ রেখায় চলমান উত্তেজনা নিরসনে একমত হয়েছেন বলে জানিয়েছেন সারতাজ আজিজ। তিনি বলেন, ‘নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা নিরসন করে কাশ্মিরে মনোযোগ দিতে চায় পাকিস্তান।’
সূত্র: আল জাজিরা
/ইউআর/বিএ/