পাকিস্তানের বাসে বন্দুকধারীর হামলায় হাজারা সম্প্রদায়ের চার নারী নিহত

চার নারীর মরদেহ নিয়ে ব্যস্ত হাসপাতাল কর্মীরাপাকিস্তানের কোয়েটায় একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে হাজারা শিয়া সম্প্রদায়ের চার নারীকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত একজন। মঙ্গলবার সন্ধ্যায় পুড গালি চক এলাকার কাছে কিরানি রোডে চলমান একটি বাস থামিয়ে এ হামলা চালানো হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃত করে ডনের খবরে বলা হয়, বাসটি হাজারা টাউনের দিকে যাচ্ছিল। পথে বাসটির ওপর হামলা চালায় বন্দুকধারীরা। বাসটির যাত্রীদের মধ্যে আটজন নারী ছিলেন। তাদের মধ্যে ৫ জনকে গুলি করা হয়। আহত নারীকে কোয়েটার বোলান মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলাস্থলেও ফ্রন্টিয়ার কর্পস ও পুলিশের সদস্যদেরকে মোতায়েন রাখা হয়েছে।
প্রাদেশিক সরকারের মুখপাত্র আনোয়ারুল হক কাকার বলেন, ‘জাতিগত পরিচয়ের কারণে ওই নারীদেরতে হত্যা করা হয়েছে।’ এক পুলিশ কর্মকর্তাও তেমনই ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছে ডন। ওই পুলিশ কর্মকর্তা জানান, সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের হওয়ায় ওই নারীদেরকে হামলার লক্ষ্য বানানো হয় বলে ধারণা করা হচ্ছে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সানাউল্লাহ জেহরি এরইমধ্যে ঘটনার নিন্দা জানিয়েছেন। আর এক সংবাদ সম্মেলনে বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি বলেছেন, হামলায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর সংশ্লিষ্টতার সম্ভাবিনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এক দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন হামলার শিকার হচ্ছে বেলুচিস্তান। গত ১৫ বছরে সংখ্যালঘু শিয়া ও হাজারা সম্প্রদায়কে লক্ষ্য করে ১৪শরও বেশি হামলা হয়েছে।
/এফইউ/