সাম্প্রতিক মাসগুলোতে হেলমান্দ প্রদেশের বেশিরভাগ এলাকাকে নিজেদের হামলার আওতায় এনেছে তালেবান। আর সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রাদেশিক রাজধানী লস্কর গাহ শহরে এ ধরনের হামলা চলছে। পুলিশ কর্মকর্তা হাজি মারজানের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে গাড়িবোমাটি বিস্ফোরিত হয়। এর আগে পুলিশ চেকপয়েন্টগুলো লক্ষ্য করে হামলা চালায় তালেবান।
মারজান জানান, লস্কর গাহ-এর মুখতার এলাকায় ওই হামলায় তার ভাই ও চার বেসামরিকসহ অন্তত ১০ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন তিনি। লস্কর গাহ শহরের একটি আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা কেন্দ্রের এক চিকিৎসক জানান, হামলার পর ১৪টি মরদেহ ক্লিনিকে নিয়ে আসা হয়েছে।এদিকে কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সেদিক্কি লস্কর গাহ এর নিরাপত্তা চৌকিতে বড় ধরনের তালেবান হামলার খবর নিশ্চিত করেছেন। তবে শিগগিরই আফগান নিরাপত্তা বাহিনী তালেবানদের সেখান থেকে বিতাড়িত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রাদেশিক কর্মকর্তারা বলছেন, তালেবান এখন হেলমান্দের ৮৫ শতাংশের নিয়ন্ত্রণে রয়েছে। অথচ এক বছর আগে প্রদেশের ৮০ ভাগ এলাকা সরকার নিয়ন্ত্রণ করতো। সূত্র: আলজাজিরা
/এফইউ/