বিশ্বের সকল শরণার্থীর জন্য দ্বার উন্মুক্ত করলেন দুয়ার্তে

যখন অর্থনৈতিক ও প্রযুক্তিগতভাবে বিশ্বের সবচেয়ে উন্নত রাষ্ট্রগুলো শরণার্থীদের জন্য নিজেদের দরজা বন্ধ করে দিচ্ছে, তখন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে বললেন, ‘তাদের (শরণার্থী) সবাইকে আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা তাদের গ্রহণ করবো। তারাও মানুষ।’

আলজাজিরা-র সঙ্গে কথা বলছেন দুয়ার্তে

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা-র ‘১০১ ইস্ট’ অনুষ্ঠানে দুয়ার্তে এসব কথা বলেন।

পরিসংখ্যানে দেখা যায়, শুধু ২০১৫ সালেই প্রায় ১৮ লাখ মানুষ শরণার্থী হয়েছেন। ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত জোরপূর্বক ঘরহারা মানুষের সংখ্যা বেড়েছে প্রায় ৩০০ শতাংশ।

দুয়ার্তে জানান, ১০ কোটি মানুষের দেশ ফিলিপাইনে দারিদ্র ছড়িয়ে থাকলেও তার দেশ শরণার্থীদের গ্রহণে প্রস্তুত। তিনি বলেন, ‘আমি বলতে চাই, তাদের আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা তাদের গ্রহণ করবো। তারাও মানুষ।’

শরণার্থীদের কোন প্রক্রিয়ায় গ্রহণ করা হবে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য না দিলেও দুয়ার্তে বলেন, ‘তারা (শরণার্থী) সবসময়ই আমাদের এখানে আসতে পারেন। কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার আগে পর্যন্ত আমরা তাদের স্বাগতম জানাবো।’

দুয়ার্তে ওই সাক্ষাৎকারে পশ্চিমাদের সমালোচনায় বলেন, ‘তারা মানবাধিকারের বিষয়ে এতো সোচ্চার, কিন্তু হঠাৎ করেই পথ বদলে ‘না’ বলে দিলো।’

উল্লেখ্য, দুয়ার্তে ক্ষমতায় এসেই যে ‘মাদকবিরোধী যুদ্ধ’ শুরু করেন, তা ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সমালোচনার মুখে পড়ে। চলতি বছর জুনের ৩০ তারিখ থেকে শুরু হওয়া ওই মাদকবিরোধী অভিযানে সরকারি হিসাবেই অন্তত তিন হাজার ৬৮০ জন নিহত হয়েছেন।

এছাড়াও বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখোমুখি হয়েছেন দুয়ার্তে। তবে এই সাক্ষাৎকারেও তিনি এসব সমালোচনার জবাবে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন।

এ প্রসঙ্গে দুয়ার্তে বলেন, ‘এতো এতো মানুষ আমাকে বলছেন, অভিযানে বেশি মানুষ মারা যাচ্ছে, এমনটা হওয়া ঠিক নয়, এগুলো শুনে আমি খুবই বিব্রত বোধ করছি। তাদের কাছে যদি আমি খারাপই হয়ে থাকি, তাহলে আমিও তাদের পরোয়া করি না। তারা আমার কে? তারা কিছুই না।’

চলতি বছরের মে মাসে প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ ব্যবধানে বিজয় অর্জন করেন দুয়ার্তে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী তিনি ক্ষমতায় আসার পর থেকেই মাদকবিরোধী অভিযান শুরু করেন। একই সঙ্গে তিনি জঙ্গি সংগঠন আবু সাইয়াফের বিরুদ্ধে লড়াই করার জন্যও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।

সূত্র: আলজাজিরা।

/এসএ/