নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতি এবং সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার ও ফেসবুকে দেওয়া পোস্টের মধ্য দিয়ে জীবিতদের উদ্ধারের ‘নিশ্চিত’ তথ্য জানায় তারা। তাদের দেওয়া সব শেষ তথ্য অনুযায়ী জীবিত উদ্ধারকৃত আরোহীর সংখ্যা ৬ জন। এদের মধ্যে তিনজন ফুটবলার।
তারা জানিয়েছে, জীবিত আরোহীর তিন জনই চাপেকোয়েন্স ক্লাবের ফুটবলার। তারা হলেন- আলান লুচিয়ানো রাচেল, হেলিও হারমিতো জাম্পিয়ার এবং জ্যাকসন রাগনার ফলমান। এ তিন ফুটবলার ছাড়া বেঁচে যাওয়া অপর তিন আরোহীর নাম হলো-রাফায়েল ভালমরবিদা, এরউয়িন তুমিরি এবং শিমেনা সুয়ারেজ। এদের মধ্যে প্রথমজন সাংবাদিক এবং পরের দুজন বিমানের ক্রু।
এদিকে আগে জীবিত উদ্ধারকৃতদের মধ্যে ক্লাবের গোলরক্ষক ড্যানিলার নাম এলেও কলম্বিয়ার বেসামরিক বিমান কর্তৃপক্ষ জীবিতদের উদ্ধার সংক্রান্ত সব শেষ তথ্যে তার নামোল্লেখ করেনি। তাকে মৃতের তালিকাতেই রেখেছে বিমান কর্তৃপক্ষ।
তবে ব্রাজিলের সকার ক্লাবের একজন মুখপাত্রের বরাত দিয়ে শিকাগো ডেইলি হেরাল্ড তার মৃত্যর খবর নিশ্চিত করেছে।
ব্রাজিল থেকে যাত্রা করার পর বলিভিয়ায় যাত্রা বিরতি করে বিএই ১৪৬ বিমানটি। এরপর বলিভিয়া থেকে কলম্বিয়ার উদ্দেশে যাত্রা শুরু হয় আবার। কলম্বিয়ার স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে লা ইউনিয়নের কেরো গোর্দো শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার শিকার বিমানটি পরিচালনা করতো ভেনেজুয়েলা’র বিমান সংস্থালামিয়া। বিমানটি ৮১ আরোহী নিয়ে কলম্বিয়ার জোসে মারিয়া কর্ডোভা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল।
/বিএ/