ইন্দোনেশীয় সামরিক বিমান পাপুয়ায় বিধ্বস্ত, নিহত ১৩

ইন্দোনেশীয় বিমানের ধ্বংসাবশেষইন্দোনেশীয় বিমান বাহিনীর একটি পরিবহন বিমান দেশটির পূর্বাঞ্চলীয় পার্বত্য প্রদেশ পাপুয়ায় বিধ্বস্ত হয়ে ১৩ আরোহী নিহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি-র অপারেশনাল ডিরেক্টর ইভান আহমেদ রিস্কি টিটাস জানান, পাহাড়ে বিধ্বস্ত হওয়ার আগে হারকিউলিস সি১৩০ বিমানটি স্থানীয় সময় রবিবার ভোর ৬টা ১৫ মিনিটে ওয়ামেনা যাওয়ার উদ্দেশে টিমিকা থেকে উড্ডয়ন করে।

তিনি আরও জানান, বিমানটি লিজুয়া পাহাড়ে বিধ্বস্ত হয়। এতে ১৩ আরোহীর সবাই নিহত হন। নিহতদের মরদেহ ওয়ামেনায় নিয়ে আসা হয়েছে।

এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, বিমানটিতে তিনজন পাইলট এবং ১০ জন সামরিক কর্মকর্তা ছিলেন।

ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের দুর্গম এলাকায় বিমানে করেই সামরিক কর্মকর্তাদের আনা-নেওয়া করা হয়। অনেক ক্ষেত্রেই সড়কপথে যাওয়ার কোনও রাস্তা থাকে না।

সূত্র: রয়টার্স, এবিসি।  

/এসএ/