গত ১৫ ডিসেম্বর ট্রাম্প শিবির ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ‘কট্টরপন্থী’ ঋণখেলাপি আইনজীবী ডেভিড ফ্রাইডম্যানের নাম ঘোষণা করে। এর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেওয়া বিবৃতিতে ফ্রাইডম্যানকে মনোনীত করায় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন ইসরায়েলি রাষ্ট্রদূত রন দেরমার।
মঙ্গলবার ইহুদি ধর্মীয় অনুষ্ঠান হানুক্কাহ-তে দেওয়া এক ভাষণে দেরমার মার্কিন দূতাবাস সরিয়ে দেওয়াকে ‘শান্তির পথে এক মহান উল্লম্ফন’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আশা করি আগামীতে জেরুজালেমে মার্কিন দূতাবাসে হানুক্কাহ পালন করা হবে।’ তিনি দূতাবাস সরিয়ে নেওয়ার বিষয়টিকে ইঙ্গিত করে বলেন, ‘এটা অনেক আগেই হওয়ার কথা ছিল।’
এদিকে, মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার বিষয়ে সতর্ক করে দিয়ে জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা সায়েব ইরেকাত বলেন, ‘এমনটা হলে তা পুরো শান্তি প্রক্রিয়াকেই ধ্বংস করে দেবে।’
ইসরায়েলে নিযুক্ত হতে যাওয়া পরবর্তী রাষ্ট্রদূত ডেভিড ফ্রাইডম্যান তার ‘কট্টর ইসরায়েলপন্থী’ বক্তব্যের জন্য পরিচিত। ফ্রাইডম্যান ইসরায়েল-ফিলিস্তিন সংকটের ক্ষেত্রে ‘দুই রাষ্ট্র সমাধান’ নীতির বিরোধী। দুই রাষ্ট্র সমাধান নীতিতে ১৯৬৭ সালের ভৌগলিক সীমানা অনুযায়ী ওই আরবভূমিতে প্যালেস্টাইন ও ইসলায়েলকে পৃথক দুটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কথা বলা হয়। তবে ফ্রাইডম্যান এই দুই রাষ্ট্র সমাধাননীতির বিরোধিতার মধ্য দিয়ে কার্যত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করেন।
রাষ্ট্রদূত বানানোর ঘোষণা আসার পর ফ্রাইডম্যান সম্পর্কে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ লিখেছে, তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ইসরায়েলের উগ্র-ডানপন্থী রাজনৈতিক অবস্থানকে সমর্থন করে। সংবাদপত্রটিতে বলা হয়, ফ্রাইডম্যানের রাজনৈতিক অবস্থান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর থেকেই কট্টরপন্থী।
চলতি বছরের নভেম্বরে ট্রাম্প শিবিরের পক্ষ থেকে বলা হয়েছিল, ট্রাম্প নির্বাচিত হলে তার প্রশাসন ইসরাইলে মার্কিন দূতাবাসকে তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নিয়ে যাবে। এক বিবৃতিতে জেরুজালেমকে ‘ইহুদিদের চিরন্তন রাজধানী’ বলেও উল্লেখ করা হয়েছিল। বিবৃতিতে আরও বলা হয়, ‘শহরটিকে অবশ্যই ইসরায়েলের অবিভক্ত রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে হবে।’
তখন ট্রাম্পের উপদেষ্টা ফ্রাইডম্যান ওই বিবৃতি সম্পর্কে বলেন, ‘জনমতের ভিত্তিতে’ এমনটা করতে চান ট্রাম্প। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রাইডম্যান বলেন, ‘এটা নির্বাচনের প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি রক্ষার আকাঙ্ক্ষাও আমাদের রয়েছে।’
সূত্র: রয়টার্স।
/এসএ/