ফিলিপাইনে ‘বড়দিন’ উদযাপনের সময় একটি গির্জার বাইরে গ্রেনেড বিস্ফোণে আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। রবিবার আনিসেতো পেসানতে মেমোরিয়াল হাসপাতালে গিয়ে আহতদের স্বাস্থ্যের খোঁজখবর নেন দুয়ার্তে। এ সময় তিনি এ বিস্ফোরণের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিতেরও প্রতিশ্রুতি দেন।
ফিলিপাইনের প্রেসিডেন্টের আবাসিক দফতর মালাকানাং থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতাল পরিদর্শনকালে সেখানে থাকা বিস্ফোরণের শিকার ১৫ ব্যক্তির হাতে আর্থিক সহায়তার খাম তুলে দেন প্রেসিডেন্ট। প্রতিশ্রুতি দেন আহতদের চিকিৎসার ব্যয়ভার বহনের।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের সেন্ট নিনো প্যারিশ গির্জায় রবিবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১৮ জন আহত হন।
গির্জাটির ফাদার জে ভিরাদোর জানান, হঠাৎ করে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেখানে প্রার্থনায় অংশ নিতে আসা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা গির্জা ছেড়ে পালিয়ে যান।
স্থানীয় পুলিশ প্রধান বেরনার্দো তেয়ং বলেন, ওই গির্জার প্রবেশপথ থেকে ৩০ মিটার দূরে পুলিশের একটি টহল গাড়ি অবস্থান করছিল। গাড়িটির কাছেই গ্রেনেডটি বিস্ফোরিত হয়। এতে একজন পুলিশ কর্মকর্তাও আহত হন। বিস্ফোরণের শিকার ব্যক্তিদের বেশিরভাগই সে সময় গির্জার বাইরে দাঁড়িয়ে ছিলেন।
পরে ওই এলাকায় আরও একটি অবিস্ফোরিত গ্রেনেড বা হাতে তৈরি বোমার সন্ধান পাওয়া যায়।
এখনও পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে কর্মকর্তাদের ধারণা মাদকবিরোধী অভিযানে সফলতার কারণে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেডটির বিস্ফোরণ ঘটানো হয়। সূত্র: ইনকোয়ারার, রয়টার্স, আনাদোলু এজেন্সি।
/এমপি/