রুশ সংবাদ সংস্থাগুলো বলছে, মেট্রো সিস্টেমে দুটি বিস্ফোরণ হয়েছে। প্রথম বিস্ফোরণটি হয় সেনায়া প্লোশচাদ মেট্রো স্টেশনে। দ্বিতীয় বিস্ফোরণটি হয়েছে ইন্সটিটিউট অব টেকনোলজি স্টেশনের কাছে। ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, সন্ত্রাসবাদসহ সম্ভাব্য সব কারণকে মাথায় রেখে তদন্ত চলবে। পুতিন বলেন, তদন্তই সব বলবে। সম্ভাব্য সব দিক মাথায় রেখে তদন্ত চালাব আমরা। তবে শুরুতেই আমরা দেখতে চাইব, হামলাটি সন্ত্রাসবাদী ধারার কিনা।
ঘটনায় ১০ জনের নিহত হওয়ার আশঙ্কা করছে রাষ্ট্রীয় রুশ সংবাদমাধ্যম আরটি। একইভাবে দ্য ইন্ডিপেনডেন্টের খবরেও হতাহতের সম্ভাব্য সংখ্যা ১০ জন বলা হয়েছে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রুশ বার্তা সংস্থা তাসকে উদ্ধৃত করে ১০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
বিবিসি জানিয়েছে, সেখানে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্রের বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। ঘটনাটি সন্ত্রাসবাদী হামলা কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
ওই ঘটনার পর অন্তত আটটি রেলস্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।
/এফইউ/বিএ/