মেক্সিকোতে নিখোঁজদের উদ্ধারে তৎপর নারী ব্যবসায়ী খুন

মিরিয়াম রদ্রিগেজ মার্টিনেজ৬০০ পরিবারের নিখোঁজ থাকা মানুষদের অনুসন্ধানে নেতৃত্ব দেওয়া মেক্সিকোর এক নারী ব্যবসায়ী তার নিজ বাড়িতে খুন হয়েছেন। বুধবার তামাউলিপাস রাজ্যের সান ফার্নান্দো শহরে মিরিয়াম রদ্রিগেজ মার্টিনেজকে হত্যা করা হয়। সম্প্রতি মেয়ের অপহরণ ও হত্যার তদন্ত সফলতার সঙ্গে সম্পন্ন করেছিলেন মিরিয়াম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে দেশটির মানবাধিকার কমিশন।

উল্লেখ্য, মানুষের নিখোঁজ হয়ে যাওয়া মেক্সিকোতে এক সাধারণ প্রবণতা হয়ে দাঁড়ায় ২০০৬ সালে সাবেক প্রেসিডেন্ট ফিলিপ ক্যালডারন ক্ষমতায় আসার পর। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানায়, ২০০৬ সাল থেকে ২০১২ সালের মধ্যেই ২৫ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ হন। নিখোঁজ হওয়া ব্যক্তিদের খোঁজে সরকারের পর্যাপ্ত সহযোগিতার অভাবে ২০১৪ সাল থেকে মেক্সিকো জুড়ে বহু গ্রুপ গড়ে ওঠে। ফরেনসিক অধ্যায়নের মাধ্যমে গোপন কবরস্থান ও হাড় শনাক্ত করার ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় গ্রুপের সদস্যদের। মেক্সিকোতে এখন এমন ১৩টি গ্রুপ রয়েছে। জিটা নামের এমনই এক গ্রুপের নেতৃত্ব দিচ্ছিলেন  ব্যবসায়ী মিরিয়াম। 

নিখোঁজদের ছবি হাতে আপনজনের প্রতিবাদ

২০১২ সালে মিরিয়ামের মেয়েকে স্থানীয় মাদক ব্যবসায়ীরা অপহরণ করে। পরে তার মরদেহ এক গোপন কবরস্থানে পাওয়া যায়। তখন থেকেই তিনি স্থানীয়দের একত্রিত করে নিখোঁজদের অনুসন্ধান শুরু করেন। পরে  জিটার মাধ্যমে মিরিয়াম তার মেয়ের হত্যাকারীদের শনাক্ত করে সেনাবাহিনীর সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হন।

মিরিয়ামের এক সহকর্মী জানিয়েছেন, গত মার্চে ওই হত্যাকারীদের একজন কারাগার থেকে পালিয়ে যায়। এরপর থেকেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল। মিরিয়াম পুলিশি নিরাপত্তা চাওয়ার পরেও পুলিশ কর্তৃপক্ষ তা দিতে রাজি হয়নি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে মেক্সিকোর মানবাধিকার কমিশন এ হত্যার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে।

ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস) মঙ্গলবার জানিয়েছে, মেক্সিকোতে ২০১৬ সালে বন্দুকযুদ্ধে প্রায় ২৩ হাজার মানুষ নিহত হয়েছেন।

/এসএ/বিএ/