পুলিশ এবং হাসপাতাল সূত্রে আলজাজিরা জানিয়েছে, হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০০ জন। পুলিশ ও হাসপাতাল সূত্রকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা হতাহতের খবর নিশ্চিত করেছে। এখনও কোনও জঙ্গিগোষ্ঠীর পক্ষে এই হামলার দায় স্বীকার করা হয়নি। তবে সম্প্রতি কাবুলে তালেবান এবং আইএস-এর নামে বেশকিছু হামলা সংঘটিত হয়েছে।
ফ্রান্সের ইউরোপীয় বিষয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী মারিয়েল দ্য সারনে বলেছেন, বিস্ফোরণে ফরাসি ও জার্মান দূতাবাসের ক্ষতি হয়েছে৷ তবে দূতাবাসর কর্মীদের অবস্থা সম্পর্কে এখনো কোনো খবর পাওয়া যায় নি৷
সবচেয়ে ‘নিরাপদ' এলাকা হিসেবে পরিচিত ভারত যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের দূতাবাসও কাছাকাছি অবস্থিত৷ ন্যাটো মিশনও একই এলাকায়৷ প্রায় ১০ ফিট উঁচু বিস্ফোরণ-প্রতিরোধী প্রাচীর দিয়ে ঘেরা সেই ভবনগুলি৷ সেখানে প্রেসিডেন্টের প্রাসাদসহ আফগান সরকারের কয়েকটি মন্ত্রণালয়ের ভবনও রয়েছে৷ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক টুইটার পোস্টে জানিয়েছেন, ভারতীয় দূতাবাসের কর্মীদের কোনো ক্ষতি হয়নি৷
এলাকার আকাশে কালো ধোঁয়া উঠে যেতে দেখা গেছে৷ হামলার কোনো নির্দিষ্ট লক্ষ্য ছিল কিনা, তা-ও স্পষ্ট নয়৷ কাছাকাছি সব রাস্তাঘাট বন্ধ করে করে দেওয়া হয়েছে৷
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জার্মান দূতাবাসের খুব কাছাকাছই এ বিস্ফোরণ ঘটানো হয়। এতে বহু মানুষ হতাহত হয়েছেন। আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরুহ জানান অনেকে গুরুতর আহত। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিস জানান, বিস্ফোরণ এতোটাই বড় ছিল যে, এতে ৩০টিরও বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
চলতি মাসের প্রথমদিকে আইএস জঙ্গিরা ন্যাটো জোটের একটি সামরিক বহরে এক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত আটজন বেসামরিক নিহত হন।
/বিএ/