ফিলিপাইনের সরকারি বাহিনীর ‘ফ্রেন্ডলি ফায়ারে’ ১০ সেনার মৃত্যু

মারাউয়ি শহরে কয়েকদিন ধরে অভিযান চালাচ্ছে সেনাবাহিনীফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় শহর মারাউয়িতে আইএস-সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠী মৌতের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নিজস্ব বাহিনীর বিমান হামলায় অন্তত ১০ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৮ জন। বুধবার (৩১ মে) শহরটি দখলমুক্ত করার অভিযানের অংশ হিসেবে বিমান থেকে ফেলা গোলা লক্ষ্যভ্রষ্ট হয়ে সেনা সদস্যদের ওপর পড়ে।
বৃহস্পতিবার (১ জুন) হতাহতের খবর নিশ্চিত করে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেনজানা বলেন, এটি নিজস্ব বাহিনীর সদস্যদের ওপর ‘অনিচ্ছাকৃত’ হামলা (ফ্রেন্ডলি ফায়ার)।
মারাউয়ি দ্বীপে গত এক সপ্তাহ ধরে ব্যাপকভাবে মৌতেবিরোধী অভিযান চলছে৷ এ মৌতে বিদ্রোহীরা আইএস-এর প্রতি অনুগত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায় গত ৯ দিন ধরে ওই অভিযানে ১২০ বিদ্রোহী এবং ১৯ বেসামরিক নিহত হয়েছে। আর বুধবারের প্রাণহানির মধ্য দিয়ে এ অভিযানে নিহত সেনা সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮-এ।
ডেলফিন লরেনজানা জানান, বুধবার প্রথম বিমান হামলাটি লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হলেও দ্বিতীয়টির ক্ষেত্রে তা হয়নি। ভুল করে তা নিজস্ব সেনা সদস্যদের আঘাত করে।
লরেনজানা বলেন, ‘নিজস্ব সেনাদের ওপর আঘাত হানাটা দুঃখজনক। কোনও না কোনওভাবে এখানে ভুল হয়েছে। হয়তো নিচ থেকে নির্দেশনা দিতে ভুল হয়েছে কিংবা পাইলট বুঝতে ভুল করেছেন।’
/এফইউ/