লন্ডন হামলায় তৃতীয় সন্দেহভাজনের নাম প্রকাশ

জাগবা
লন্ডন হামলার ঘটনায় তৃতীয় সন্দেহভাজনেরও নাম প্রকাশ করেছে মেট্রোপলিটন পুলিশ। তারা জানিয়েছে, সন্দেহভাজন এই তৃতীয় হামলাকারী মরোক্কান বংশোদ্ভূত ইতালীয় নাগরিক। তার নাম ইউসেফ জাগবা।
এর আগে অন্য দুই হামলাকারীর নাম প্রকাশ করেছিল লন্ডন পুলিশ। তারা হলো ২৭ বছর বয়সী তরুণ খুরাম শাজাদ বাট এবং ৩০ বছর বয়সী  তরুণ রাশিদ রিদওয়ান।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৩ জুন শনিবার ভাড়া করা একটি গাড়ি নিয়ে লন্ডন ব্রিজে পথচারীদের ওপর হামলা চালায় জাগবা, বাট ও রিদওয়ান। পরে বোরো মার্কেট এলাকায় লোকজনের ওপর ছুরিকাঘাত করে তারা। ওই হামলায় ৭ জন প্রাণ হারান। পরে পুলিশের গুলি তিন হামলাকারীও নিহত হয়।
বাম থেকে খুরাম বাট, রিদওয়ান ও জাগবা
ইতালীয় এক পুলিশ সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, পূর্ব লন্ডনের বাসিন্দা জাগবা নজরদারির তালিকায় ছিল। ওই তালিকাটি যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশকে দেওয়া হয়েছিল। ২০১৬ সালের মার্চে ইতালীয় কর্মকর্তারা জাগবাকে বোলোগনা বিমানবন্দরে আটকে দেন। তার মোবাইল ফোনে আইএস সংশ্লিষ্ট উপকরণ ছিল বলেও অভিযোগ করা হয়। পরে তাকে আর ইস্তাম্বুলে যেতে দেওয়া হয়নি।
অপর দুই হামলাকারীর মধ্যে খুররাম বাট পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। পুলিশ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৫ তার সম্পর্কে আগে থেকেই জানতো। তবে তার এ হামলা পরিকল্পনা সম্পর্কে গোয়েন্দাদের কোনও ধারণা ছিল না।
আরেক সন্দেহভাজন রাশিদ রিদওয়ান-এর অন্য নাম রাশিদ ইলখদার। সে মরক্কোন ও লিবিয়ান বলে জানিয়েছে পুলিশ।
/এফইউ/