প্রেসিডেন্ট নির্বাচন জয়ের পর ফ্রান্সের পার্লামেন্টেও বিজয়ী হতে যাচ্ছে এমানুয়েল ম্যাক্রোঁর দল। প্রথম ধাপের ভোট গ্রহণ শেষে বুথ ভেরত জরিপে দেখা যাচ্ছে এই নির্বাচনে প্রায় চার ভাগের তিন ভাগ আসনই সম্ভবত যাবে ম্যাক্রোঁর দলে। রাজনীতি বিশ্লেষকেরা মনে করছেন, ৫৭৭টি আসনের মধ্যে অন্তত ৪০০ আসন পাবে এই দলটি।
এদিকে ফ্রান্সের সোশালিস্টরা ব্যাপক ক্ষতির মুখোমুখি। সোশালিস্ট পার্টির হয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী বেনোয়া হ্যামন এবং এই পার্টির নেতা জঁ-ক্রিস্টোফ কাম্পেডেলিস দুজনই তাদের আসন হারাতে যাচ্ছেন। খুব আশাব্যাঞ্জক কোনো সাফল্য পায়নি ফ্রান্সের দক্ষিণপন্থী দল ন্যাশনাল ফ্রন্ট-ও। গত মাসেই প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাক্রোঁর কাছে পরাজিত হয় ন্যাশনাল ফ্রন্টের নেতা মেরিন লে পেন।
আগামী রবিবার দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে। ভোটারদের অংশগ্রহণ খুবই কম ছিলো। অনুপস্থিত ছিলো প্রায় অর্ধেক।
প্রথম দফা ভোটে সরাসরি জিততে হলে একজন প্রার্থীকে একটি সংসদীয় আসনের মোট ভোটের অর্ধেকের বেশি পেতে হবে; সেসব ভোটের মধ্যে নিবন্ধিত ভোটারদের এক চতুর্থাংশের ভোটও থাকতে হবে। একটি সংসদীয় আসনের কোনো প্রার্থী যদি প্রথমদফার ভোটে ৫০ শতাংশ জনসমর্থন না পায়, তখন সেখানে দ্বিতীয় দফা ভোট হবে। এরপর বিজয়ীদের নিয়ে পার্লামেন্ট গঠিত হবে।
নির্বাচনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রতিশ্রুত সংস্কার করতে পারবে বলে দাবি করেছে এমানুয়েল ম্যাক্রোঁর দল। ইতোমধ্যে ম্যাক্রোঁকে শুভেচ্ছা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল ।
সূত্র: বিবিসি
/এমএইচ/