কাতারের সঙ্গে সৌদি আরবসহ ৬ দেশের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার ঘটনাকে ইসলামি মূল্যবোধ বিরোধী বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। কাতারকে বিচ্ছিন্ন করার ঘটনার সমালোচনা করে মঙ্গলবার আঙ্কারায় তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো এই কাজ করে মধ্যপ্রাচ্য সংকটের যেন মৃত্যুদণ্ড ঘোষণা করলো।
কাতারের সঙ্গে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতসহ ৬ দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের আটদিনের মাথায় এমন মন্তব্য করলেন এরদোয়ান। তিনি বলেন, ‘কাতারকে নিয়ে খুবই ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি দেশকে একঘরে করে দেওয়া খুবই অমানবিক ও ইসলামি মূল্যবোধ বিরোধী।’
তুরস্কের সঙ্গে আইএস মোকাবেলায় কাতার শক্ত ভূমিকা পালন করছে বলেও জানান তিনি।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসুফ আল ওতাইবা বলেন, কাতারের বিরুদ্ধে সামরিক কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। সাংবাদিকদের তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই কাতারে আল উদায় সামরিক ঘাটিতে কোনও প্রভাব পড়বে না।
সূত্র: রয়টার্স
/এমএইচ/