সর্বোচ্চ আদালতের নির্দেশে অযোগ্য ঘোষিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের পর সেই শূন্যস্থান পূরণ করতে যাচ্ছে ইসলামাবাদ। একজন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পাকিস্তানের জাতীয় পরিষদে আজ ভোটাভুটি হবে। একক সংখ্যাগরিষ্ঠ দলের প্রার্থী হিসেবে নওয়াজের মুসলিম লীগ মনোনীত প্রার্থী সাবেক জ্বালানিমন্ত্রী শাহীদ খাকান আব্বাসির নির্বাচিত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, গণপরিষদের ১৭২ সদস্যের ভোট পেলেই নির্বাচিত হবেন শাহীদ খাকান আব্বাসি। পণপরিষদে এর চেয়ে বেশি সাংসদ রয়েছেন, যারা নওয়াজের মুসলিম লীগ থেকে নির্বাচিত। শাহীদ তাদের সবার সমর্থন পাবেন। ওদিকে বিরোধীরা জোটবদ্ধ হয়ে একজন প্রার্থী দিতে চাইলেও শেষপর্যন্ত ব্যর্থ হয়। তাই শাহীদের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে কোনও বাধা নেই।
অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীকে মোকাবিলায় সর্বসম্মতভাবে একজন প্রার্থী বাছাইয়ের কথা জানিয়েছিল বিরোধীরা। তবে সোমবার (৩১ জুলাই) সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, একক প্রার্থী বাছাইয়ে বিরোধী দলগুলোর নেতারা সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। এ ব্যাপারে সর্বসম্মত হওয়ার প্রচেষ্টায় মঙ্গলবার গণপরিষদের অধিবেশনের আগে বিরোধী দলগুলোর নেতাদের মধ্যে আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
তবে এরইমধ্যে দলগুলোর প্রত্যেকটি আলাদা করে নিজেদের প্রার্থীর নাম উপস্থাপন করেছে এবং প্রত্যেকটি দল চাইছে নিজেদের প্রস্তাবিত ব্যক্তিকেই মনোনীত করা হোক। পাকিস্তান পিপলস পার্টি-পিপিপি থেকে খুরশীদ শাহ এবং নাভিদ কামার, আওয়ামী মুসলিম লিগ (এএমএল) থেকে শেখ রশিদ আহমেদ, মুত্তিহাদা কাওমি মুভমেন্ট থেকে কিশোয়ার জেহরা এবং জামাত-ই ইসলামী (জেআই) থেকে সাহিবজাদা তরিকুল্লাহর নাম উপস্থাপন করা হয়েছে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে। এরমধ্যে পাকিস্তান মুসলিম লীগ-কায়েদ আওয়ামী মুসলিম লিগ (এএমএল) প্রার্থী শেখ রশিদ আহমেদকে সমর্থন দিয়েছে।
নওয়াজের পদত্যাগের পরদিনই পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজ জানায়, পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফকে বেছে নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএলএন-নওয়াজ)। তবে প্রধানমন্ত্রী হওয়ার আগে কিছু সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে। সেই সময়ের জন্য একজন অন্তবর্তী প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত হয়।
সম্ভাব্য অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর তালিকায় বেশ কয়েকজনের নাম এলেও সব গুঞ্জনের অবসান ঘটে নওয়াজের দল পিএমএলএন-এর বৈঠকের পর। দলীয় সূত্রের বরাত দিয়ে ডন জানায়, সাবেক জ্বালানিমন্ত্রী শাহীদ খাকান আব্বাসিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বাছাই করা হয়েছে। সে সময় দেশটির প্রেসিডেন্ট মামনুন হোসেন ১ আগস্ট অধিবেশনের ডাক দিয়ে জানান, অন্তবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়টিই রয়েছে ওইদিনের অধিবেশনের আলোচ্যসূচিতে।
প্রধানমন্ত্রী হওয়ার জন্য শাহবাজ শরিফকে আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে। মানতে হবে কিছু সাংবিধানিক প্রক্রিয়া। অন্তর্বর্তী এই সময়টিতেই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন সাবেক জ্বালানিমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি। পরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বগ্রহণের আগ পর্যন্ত (অন্তত ৪৫ দিন) অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিজ দায়িত্বে নিয়োজিত থাকবেন।
/বিএ/