পাকিস্তানে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ

পাকিস্তানে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী শাহীদ আব্বাসির নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। সে দেশের সংবাদমাধ্যম ডন নিউজ প্রেসিডেন্ট মামনুন হোসেনের নেতৃত্বে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার খবর জানিয়েছে। স্থানীয় সময় বুধবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পাকিস্তানের অন্তর্বর্তী মন্ত্রিপরিষদের শপথগ্রহণের কথা ছিল। তবে তা স্থগিত হয়ে যায়।
আব্বাসির মন্ত্রিসভার শপথ

বৃহস্পতিবারের এক্সপ্রেস ট্রিবিউনের খবর থেকে জানা গিয়েছিল, নওয়াজ শরিফের সঙ্গে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির বৈঠকের কয়েক ঘণ্টা পর শপথ স্থগিতের ঘোষণা দেওয়া হয়। পাকিস্তানের প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টের (পিআইডি) এক বিবৃতিতে ২ আগস্ট মন্ত্রিসভার শপথ স্থগিতের কথা জানায়। পরবর্তীতে কখন শপথ অনুষ্ঠিত হবে তা, তখনও জানানো হয়নি।

শুক্রবার ডন এর খবর থেকে জানা যায়, এদিন সকালে প্রেসিডেন্ট মামনুন হোসেনের নেতৃত্বে ৪৮ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পিতবার জানায়, বুধবার সকালে মোটরশোভা যাত্রায় উত্তরাঞ্চলীয় শহর মুরিতে যান আব্বাসি। পদত্যাগের পর থেকে মুরির নিজস্ব বাসভবনে থাকছেন নওয়াজ। সেখানেই আব্বাসি ও নওয়াজের বৈঠক হয়। ওই বৈঠকে নওয়াজ শরিফের ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফও উপস্থিত ছিলেন।

বৈঠকে নতুন মন্ত্রিপরিষদ নিয়ে নওয়াজের সঙ্গে আলাপ করেন আব্বাসি। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, নতুন মন্ত্রিপরিষদে নওয়াজ সরকারের অনেক মন্ত্রীই অন্তর্ভূক্ত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তবে নওয়াজের চেয়ে আব্বাসির মন্ত্রিপরিষদের আকার ছোট হবে।

এর আগে মঙ্গলবার (১ আগস্ট) জাতীয় পরিষদের ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠের সমর্থন নিয়ে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হন আব্বাসি। পদত্যাগের পর দলীয় এক বৈঠকে ছোট ভাই শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন অযোগ্য ঘোষিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তবে প্রধানমন্ত্রী হতে হলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজকে প্রথমে নওয়াজের শূন্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আর সেই পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন আব্বাসি। 

/এফইউ/বিএ/