ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণহানির ঘটনায় উত্তপ্ত কাশ্মির

nonameভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে উপত্যকার পরিস্থিতি। শুক্রবার দিবাগত গভীর রাতে সোপোরের অমরগড় এলাকায় ভারতীয় বাহিনীর অভিযানে এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে এ পর্যন্ত দুই জনকে শনাক্ত করা গেছে। জাভেদ আহমেদ দার এবং আবিদ হামিদ মীর নামের ওই দুইজনের বাড়ি যথাক্রমে বারামুল্লার খানপোরা এবং বান্দিপোরার হাজিন এলাকায়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জম্মু-কাশ্মিরের সোপোরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর-ই তাইয়্যেবার তিন সন্ত্রাসী নিহত হয়েছে।

নিরাপত্তা বাহিনীর অভিযানে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেন কাশ্মিরের মানুষ। রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন কয়েক হাজার বিক্ষোভকারী। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

বিক্ষুব্ধ জনতার বিক্ষোভ ঠেকাতে উত্তর কাশ্মিরের বারামুল্লা জেলায় মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। কাশ্মিরের বিভিন্ন স্থানে সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। রাস্তায় রাস্তায় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যদের মোতায়েন করা হয়েছে। বারামুল্লা শহরে প্রবেশ এবং শহর ত্যাগের পথ পুরোপুরি ‘সিল’ করে দেওয়া হয়েছে। সেখানে মানুষজনের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

শনিবার সকালে কুলগাম জেলার কাইমহ এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। প্রতিবাদী জনতাকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলিবর্ষণ করে ভারতীয় বাহিনী।

কাশ্মির উপত্যকা থেকে ‘স্বাধীনতাকামীদের’ নির্মূল করতে সেখানে ‘অপারেশন অল আউট’ পরিচালনা করছে ভারতীয় বাহিনী। চলতি বছর এ পর্যন্ত তাদের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে অন্তত ১২৩ জন। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

/এমপি/