চালের ভর্তুকি সংক্রান্ত কর্মসূচি নিয়ে অবহেলা করার অভিযোগে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ। শুক্রবার (২৫ আগস্ট) থাইল্যান্ডের সুপ্রিমকোর্টে ইংলাকের ভাগ্য নির্ধারণ হবে। রায়ে দোষী সাব্যস্ত হলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে সাবেক এই প্রধানমন্ত্রীর। সেইসঙ্গে আজীবনের জন্য রাজনীতি থেকেও নিষিদ্ধ হতে পারেন তিনি।
কৃষকদের আয় বাড়াতে এবং গ্রাম্য দারিদ্র্য কমাতে ২০১১ সালে ক্ষমতাগ্রহণের পর পরই চাল ভর্তুকি স্কিম ঘোষণা করে ইংলাক সরকার। ইংলাকের চাল ভর্তুকি স্কিমের আওতায় কৃষকের কাছ থেকে বৈশ্বিক বাজার মূল্যের চেয়ে বেশি দামে চাল ক্রয় করে সরকার। ইংলাকের এ নীতি ২০১১ সালের সাধারণ নির্বাচনে তাকে ক্ষমতায় আসতে ব্যাপক সহায়তা করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়,ওই ভর্তুকি স্কিমের কারণে ইংলাক সরকার সেসময় ৮০০ কোটি ডলার অর্থ লোকসান করে। সরকারের কাছে অনেক চালের মজুদ থেকে যায় এবং দাম বেশি হওয়ার কারণে সেগুলো বিক্রিও করা যাচ্ছিল না। এই স্কিম নিয়ে ইংলাক দায়িত্বে অবহেলা করেছেন বলে অভিযোগ ওঠে। তবে ইংলাকের দাবি, তিনি অন্যায় কিছু করেননি। তার দাবি, ওই ভর্তুকি স্কিমের কাজ প্রতিদিন দেখাশোনা করাটা তার দায়িত্ব ছিল না। নিজেকে রাজনৈতিক প্রহসনের শিকার বলেও দাবি করেন ইংলাক।
এদিকে রায় ঘোষণার দিনে ব্যাংককের উচ্চ আদালতের সামনে ইংলাকের হাজার হাজার সমর্থক জড়ো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে পুলিশের সাথে তাদের সংঘর্ষের আশংকা করা হচ্ছে। ইংলাক সিনাওয়াত্রা শুক্রবার রায় ঘোষণার দিন দেশটির শীর্ষ আদালতের বাইরে সমবেত না হতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ফেসবুকে দেয়া এক বার্তায় ইংলাক মামলার রায় ঘোষণার দিন তার সমর্থকদের ঘরে অবস্থান করতে বলেছেন।