অসুস্থ স্ত্রী কুলসুম নওয়াজকে দেখতে লন্ডন যাওয়ার কথা বলা হলেও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সহসা দেশে ফিরবেন না বলে আশঙ্কা জানিয়েছে বিরোধী দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই)। তাদের আশঙ্কা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং ন্যাশনাল অ্যাকাউন্ট্যাবিলিটি ব্যুরোর মামলাগুলো মোকাবিলা করার ভয়ে নওয়াজ সহসা দেশে নাও ফিরতে পারেন।
লন্ডনে গলার ক্যান্সারের জন্য চিকিৎসারত স্ত্রী কুলসুমকে দেখতে বুধবার লন্ডনের উদ্দেশে রওনা করেন নওয়াজ। দল থেকে জানানো হয়েছে, নওয়াজ লন্ডনে অন্তত ১০ দিন থাকবেন। স্ত্রীর শারীরিক অবস্থা বিবেচনা করে এ সময় আরও বাড়তে পারে বলে জানানো হয়। তবে নওয়াজ ফিরে আসবেন বলে বিশ্বাস করে না পিটিআই। দলটির মুখপাত্র ফাওয়াদ চৌধুরী পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে বলেন, ‘এনএবি’র দুর্নীতি মামলাগুলোর সাজা নওয়াজ এড়াতে পারবেন না আর সেকারণে তার দেশে না ফেরার আশঙ্কা থেকে যাচ্ছে।’ এনএবি’র তদন্তে যুক্ত হওয়া ছাড়া তাকে দেশ ছাড়ার অনুমতি দেওয়া ঠিক হয়নি বলেও উল্লেখ করেন ফাওয়াদ। তার অভিযোগ, ‘নওয়াজকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।’
পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত হয়ে সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষিত হওয়ার পর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এরপর তার আসনটি শূন্য হয়। আগামী ১৭ সেপ্টেম্বর শূন্য আসনে নির্বাচনের কথা রয়েছে। ওই আসনে পিএমএলএন-এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুলসুম। এর আগে ক্ষমতাসীন পিএমএলএনের প্রার্থী হিসেবে নওয়াজের ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের এ আসনে নির্বাচন করার কথা ছিল। পরে শাহবাজ নিজেই জানান,বেগম কুলসুম নওয়াজই নির্বাচন করবেন। গলায় ক্যান্সার ধরা পড়লেও পিএমএলএন-এর নেতারা এরইমধ্যে জানিয়ে দিয়েছেন, কুলসুমই দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।