ভারতের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ থেকে ইস্তফা দিয়েছেন উমা ভারতী ও রাজিব প্রতাপ রুডিসহ পাঁচ মন্ত্রী। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় পদত্যাগ করেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এর মধ্য দিয়ে মন্ত্রিপরিষদে বড় ধরনের রদবদলের ইঙ্গিত জোরালো হয়েছে। শনিবার এ রদবদলের ঘোষণা আসতে পারে। সূত্রের বরাত দিয়ে এনডিটিভি আরও জানায়, নতুন মুখদের সুযোগ করে দিতে আরও কয়েকজন মন্ত্রী পদত্যাগ করতে পারেন।
আরেক ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই মন্ত্রীদের পদত্যাগ করতে বলেছেন এবং তাদের পরবর্তী ভূমিকা কী হবে তাও নির্ধারণ করে দিয়েছেন। বৃহস্পতিবার মন্ত্রীরা বিজেপি সভাপতি অমিত শাহ’র সঙ্গে বৈঠক করেন এবং তাদের পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকৃত অন্য তিন মন্ত্রী হলেন, রাধা মোহন সিং, সঞ্জীব বালিয়ান এবং গিরিরাজ সিং। সূত্রকে উদ্ধৃত করে এনডিটিভি জানায় রাজিব প্রতাপ রুডিসহ পদত্যাগকৃত মন্ত্রীদের কাউকে কাউকে বিজেপির সাংগঠনিক দায়িত্ব দেওয়ার জন্য পদত্যাগ করতে বলা হয়েছে। ২০১৯ সালের নির্বাচনকে সামনে রেখে বিজেপি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি। সূত্র আরও জানায় কোনও কোনও মন্ত্রীকে বিতর্কিত ভুমিকার কারণে সরে যেতে বলা হয়েছে। মধ্য প্রদেশে বিক্ষোভরত কৃষকদের মৃত্যুকে কেন্দ্র তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন রাধা মোহন সিং। সম্প্রতি ওই এলাকায় অনুষ্ঠিত উপনির্বাচনে কংগ্রেসের কাছে হেরেছে বিজেপি।
এনডিটিভি জানায়, রবিবার মোদি ব্রিকস সম্মেলনে যাওয়ার আগেই মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের ঘোষণা আসছে। মোদির মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন জোট সরকারের অন্যান্য দলের নেতারা। বিজেপি থেকেও মন্ত্রী হতে পারে।