আসিয়ানের বক্তব্য থেকে নিজেদের প্রত্যাহার মালয়েশিয়ার

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা নিয়ে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের দেওয়া বক্তব্য থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে মালয়েশিয়া। সোমবার (২৫ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি আনিফা আমান বলেন, আসিয়ানের বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিল নেই।

আনিফা আমান

তিনি বলেন, ‘মালয়েশিয়া এই বিষয়ে নিজেদের অবস্থান ও উদ্বেগের কথা জানিয়েছে। কিন্তু আসিয়ান চেয়ারম্যানের বক্তব্যে সেটার প্রতিফলন ঘটেনি। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে এখানে।’ তার দাবি, বাস্তব পরিস্থিতিকে ভুলভাবে তুলে ধরা হয়েছে বিবৃতিতে। এতে আক্রান্তদের মধ্যে রোহিঙ্গাদের শনাক্ত করে কোনও কথা বলা হয়নি।

আনিফা বলেন, ২৫ আগস্ট শুরু সরকারি বাহিনীর নিধনযজ্ঞ থেকে বাঁচতে ৪ লাখ রোহিঙ্গা বাংলাদেশ পালিয়ে এসেছে। খুন ও ধর্ষণের শিকার হয়েছেন অনেকে। তিনি বলেছেন, ‘আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানাই। এতে করে এমন মানবিক সংকট তৈরি হয়েছে যা কোনওভাবেই বিশ্ব এড়িয়ে যেতে পারে না।’

জাতিসংঘের সাধারণ অধিবেশনেও নিজের বক্তব্যে আনিফা মিয়ানমার সরকারের প্রতি এই সহিংসতা বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গাসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের সুরক্ষায় দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে বের করতে হবে। এছাড়া আনান কমিশসনের সুপারিশ বাস্তবায়নেরও আহ্বান জানান তিনি।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে মালয়েশিয়া। সামনেও তাদের এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।