যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইস পদত্যাগ করেছেন। সরকারি কাজে ব্যয়বহুল ব্যক্তিগত ফ্লাইট ব্যবহার করার অভিযোগ ওঠার পর প্রাইস তিনি পদত্যাগের ঘোষণা দেন। দুই ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্স এই খবর নিশ্চিত করেছে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, “স্বাস্থ্য ও জনসেবা মন্ত্রী টমাস প্রাইস পদত্যাগের ইচ্ছা জানালে প্রেসিডেন্ট তা অনুমোদন করেন।” রয়টার্স জানিয়েছে, প্রাইসের পদত্যাগপত্র গ্রহণ করে তিনি ডন রাইটকে স্বাস্থ্য দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে মনোনীত করেছেন।
শুধুমাত্র জাতীয় নিরাপত্তা বিষয়ক কাজে নিয়োজিত কর্মকর্তারা ছাড়া যুক্তরাষ্ট্র্রে পেশাগত কাজে সরকারি কর্মকর্তাদের বাণিজ্যিক ফ্লাইটে ভ্রমণের বিধান রয়েছে। তবে টম প্রাইসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত মে মাস থেকে তিনি ২৬টি ব্যক্তিগত ফ্লাইটে ভ্রমণ করেন, যাতে অন্তত চার লাখ ডলার খরচ হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প আগেই বলেছিলেন এ ধরনের খরচে তিনি খুব 'অখুশী'। সাংবাদিকদের জানিয়েছিলেন, “আমি খুশি হতে পারিনি। বুঝলেন, একদমই খুশি হতে পারিনি।” এর পরপরই শুক্রবার প্রাইসের পদত্যাগের ঘোষণা আসে।
রয়টার্স বলছে, স্বাস্থ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসের পরিচালক সীমা বর্মা। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছের মানুষ হিসেবে পরিচিত তিনি। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনস্ট্রেশনের কমিশনার ডা. স্কট গোটিলিয়েবের নামও আলোচনায় রয়েছে। দুজনের মধ্যে গোটিলিয়েব এগিয়ে রয়েছেন বলে বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, প্রাইস তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।