মিয়ানমারে সেই দুই বিদেশি সাংবাদিক অভিযুক্ত, ১৫ দিনের রিমান্ড

মিয়ানমারের পার্লামেন্ট কম্পাউন্ডের কাছে ড্রোন উড্ডয়নের অভিযোগে আটক দুই বিদেশি সাংবাদিকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে সেদেশের পুলিশ। আমদানি-রফতানি আইন ভঙ্গ করার দায়ে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। একই অপরাধে তাদের সহযোগী, মিয়ানমারের সাংবাদিক অং নাইং সোয়ে ও তাদের গাড়িচালকের বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে। সেইসঙ্গে তাদের বিরুদ্ধে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। রায়ে দোষী সাব্যস্ত হলে তাদের তিন বছর করে সাজা হতে পারে।

মিয়ানমারে আটক দুই বিদেশি সাংবাদিক
আটক দুই সাংবাদিক হচ্ছেন সিঙ্গাপুরের লাউ হন মেন এবং মালয়েশিয়ার মক চৌ লিন। তারা তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টার্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশন কর্পোরেশনের (টিআরটি) সংবাদকর্মী।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি শনিবার মিয়ানমার পুলিশকে উদ্ধৃত করে ওই দুই সাংবাদিককে আটকের কথা জানায়। শুক্রবার তাদের আটক করা হয়। রবিবার (২৯ অক্টোবর) মিয়ানমারের এক্সপোর্ট-ইমপোর্ট আইনের ৮ নম্বর ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে পুলিশ। ওই দুই সাংবাদিককে জিজ্ঞাসাবাদের জন্য ৪ থেকে ১৫ দিন পর্যন্ত রিমান্ড পেতে আদালতের কাছে আর্জি জানায় রাষ্ট্রপক্ষ। পরে তাদের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মিয়ানমারের পার্লামেন্ট প্রাঙ্গণ
পুলিশের দাবি,গ্রেফতারকৃত ব্যক্তিরা শুক্রবার রাজধানী নেপিদোর পার্লামেন্ট ভবন এলাকায় একটি ড্রোন উড্ডয়ন করেছিল। পুলিশের এক মুখপাত্র দাবি করেন, ওই সাংবাদিকরা ‘অবৈধভাবে ড্রোনটি আমদানি’ করেছিলেন। ওইদিনই ওই বিদেশি সাংবাদিকদ্বয়, তাদের সহযোগী ও গাড়িচালককে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা টেলিভিশনের যন্ত্রপাতিও জব্দ করা হয়। মিয়ানমারে ওই সাংবাদিকরা যেখানে উঠেছিলেন পরে সেখানে অভিযান চালিয়ে তাদের কম্পিউটার ও মেমরি স্টিক জব্দ করে পুলিশ।

টার্কিশ রেডিও ও টেলিভিশন (টিআরটি) কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ওই দুই সাংবাদিকের মুক্তির জন্য মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।