বহু সহকর্মীকে হত্যার কথা জানালেন পালাতে সক্ষম হওয়া সাংবাদিক

বন্দুকধারীদের চলমান হামলার মধ্যেই কাবুলের স্থানীয় টিভি স্টেশনের ভেতর থেকে পালিয়ে আসতে  সক্ষম হয়েছেন স্টাফদের কেউ কেউ। এদের মধ্যে একজন সংবাদকর্মী ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, ভেতরে তার কয়েকজন সহকর্মীকে হত্যা করেছে হামলাকারীরা। হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। এদিকে কাবুল পুলিশ প্রধানের মুখপাত্র জানিয়েছেন, হামলাকারীদের কাছ থেকে শামসাদ টিভি স্টেশন ভবনটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে নিরাপত্তা বাহিনী।
আফগান টেলিভিশন স্টেশনে হামলা

মঙ্গলবার (৭ নভেম্বর) আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্থানীয় টেলিভিশন স্টেশনে গ্রেনেড ও বন্দুক দিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, গ্রেনেড হামলা চালিয়ে ওই টেলিভিশন ভবনে প্রবেশ করে হামলাকারীরা। হামলায় বহু মানুষের হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকজনকে হত্যার পর এখনও ভবনের ভেতরে অবস্থান করছে হামলাকারীরা। সেখান থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে।

তবে ভয়াবহ ওই পরিস্থিতি থেকে এরইমধ্যে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন হাশমত ইসতাঙ্কজাই নামের এক সাংবাদিক। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ভেতরের পরিস্থিতি বর্ণনা করেন তিনি। হাশমত বলেন, ‘আমার কয়েকজন সহকর্মী নিহত হয়েছেন, কয়েকজন আহত হয়েছেন। আমি কোনরকমে পালিয়ে আসতে পেরেছি।’

উল্লেখ্য, সাংবাদিক ও মিডিয়া কর্মীদের জন্য আফগানিস্তানকে বিপজ্জনক দেশ হিসেবে বিবেচনা করা হয়। মে মাসে কাবুলে এক আত্মঘাতী হামলায় দেড় শতাধিক মানুষ নিহত হন। এরমধ্যে বিবিসির এক গাড়িচালকও ছিলেন।