তাইওয়ানে একটি অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে অন্তত নয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন আরও দুইজন। ২২ নভেম্বর ২০১৭ বুধবার দিবাগত রাতে নিউ তাইপেই সিটির ঝোংঘে এলাকার ওই অ্যাপার্টমেন্টটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছে পুলিশ।
অগ্নিকাণ্ডের শিকার হওয়া ভবনটির বাসিন্দাদের অধিকাংশই বিদেশি শ্রমিক। তবে হতাহতদের জাতীয়তা সম্পর্কে কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ৮টার দিকে ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা পঞ্চম তলায়ও ছড়িয়ে পড়ে। ঘণ্টাখানেকের মাথায় আগুন নেভাতে সক্ষম হন অগ্নিনির্বাপন কর্মীরা।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা করছে পুলিশ। তাদের ধারণা, ভবনের বাসিন্দাদের পারস্পরিক বিবাদের জেরে কেউ একজন আগুন ধরিয়ে দিয়েছেন; যা পরে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ৪৯ বছরের এক বার্মিজ ব্যক্তিকে আটক করা হয়েছে।