নাইজেরিয়ার একটি ব্যস্ততম বাজারে শনিবারের জোড়া আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছেন। ওই হামলায় আহত হয়েছেন অন্তত ৪৭ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
পুলিশ জানিয়েছে, হামলাকারী দুজনই নারী ছিল। একজন হামলাকারী বাজারের মাঝামাঝি এবং অন্যজন বাজারের প্রবেশ পথে বিস্ফোরণ ঘটায়।
স্থানীয় আলিয়ু ইদ্রিসা জানিয়েছেন, ত্রাণকর্মীরা বোকো হারামের সঙ্গে আট বছর ধরে চলা সংঘাতে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে খাবার বিতরণের সময় এ বিস্ফোরণ ঘটানো হয়।
উল্লেখ্য, বোকো হারাম প্রায়ই ভিড়ের মধ্যে হামলা চালাতে আত্মঘাতী বোমারুদের ব্যবহার করে। এসব আত্মঘাতীর মধ্যে মাঝেমধ্যেই নারী ও কিশোরীরাও থাকে।