হেগের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে বিচারকদের সামনে বিষপান করে এক যুদ্ধাপরাধীর আত্মহত্যার ঘটনায় আদালতের নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। ১৯৯২ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বসনিয়ায় মুসলিমদের ওপর হত্যাযজ্ঞের ঘটনায় তার আপিল খারিজ করে দিলে আদালতেই তিনি বিষপান করেন। স্লোবোদান প্রালজ্যাক নামের ওই জেনারেলের আত্মহননের ঘটনায় জাতিসংঘের এই আদালতের তদন্তকারীরা সেখানকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আওয়াজ তুলছেন। তারা নিরাপত্তা ব্যবস্থায় তৈরি হওয়া ফাটল দূর করার কথা বলছেন। তদন্তকারীদের আশঙ্কা, স্লোবোদান প্রালজ্যাক-এর পর এখন অন্য অপরাধীরাও তাকে অনুসরণ করতে পারে।
উল্লেখ্য, ২৯ নভেম্বর বুধবার আদালতের বিচারকরা আপিল খারিজ করে দিলে ক্যামেরার সামনে ছোট একটি শিশি থেকে কিছু একটা পান করেন স্লোবোদান প্রালজ্যাক। এরপর প্রালজ্যাক দাবি করেন, তিনি যুদ্ধাপরাধ করেননি এবং এই রায়ের বিরোধিতা করে তিনি বিষপান করেছেন।
আদালতে উপস্থিত একজন আইনজীবী জানান, এ ঘটনার পরপরই প্রালজ্যাক তার চেয়ারের উপর ঢলে পড়ে যান এবং আদালতের কর্মকর্তারা তাকে ঘিরে ধরেন। এক ঘণ্টা পর তার মৃত্যু হয়। সূত্র: দ্য গার্ডিয়ান।