যুক্তরাষ্ট্রের সঙ্গে মুসলিম দেশগুলোর সম্পর্ক ছিন্নের প্রস্তাব আফগানিস্তানের

জেরুজালেম নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করতে বিশ্বের সব মুসলিম দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে আফগানিস্তান। শনিবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আফগানিস্তান পার্লামেন্ট

প্রতিবেদন বলা হয়,  শনিবার আফগান পার্লামেন্টে থেকে এ প্রস্তাব পাস হয়। পার্লামেন্টের বেশিরভাগ সদস্যই মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরোধিতা করেন। নিম্নকক্ষে সর্বসম্মতভাবে পাস হয় প্রস্তাবটি।

বুধবার (৫ ডিসেম্বর) জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথাও জানানো হয়। ট্রাম্পের এই সিদ্ধান্তে বিক্ষোভ ছড়িয়ে পড়ে মুসলিম বিশ্বে। রাজপথে নেমে আসেন ফিলিস্তিনিরা। গাজা ও ফিলিস্তিন ছাড়িয়ে এই প্রতিরোধ ছড়িয়ে পড়ে তুরস্ক, মিসর, জর্ডান, তিউনিসিয়া, আলজেরিয়া ও ইরাকসহ অন্যান্য মুসলিম দেশগুলোতে।

আফগানিস্তানের প্রস্তাবে বলা হয়, ‘ট্রাম্পের ইসলামবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে সব মুসলিম দেশগুলোকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে আফগানিস্তানের মুসলিমদের ধর্মীয় মূল্যবোধ রক্ষায় একত্রিত হওয়া জরুরি।’

প্রস্তাবটিতে বিশ্বশান্তি বিনষ্ট করার জন্য ট্রাম্পকে দায়ী করা হয়। এজন্য সিদ্ধান্ত না পাল্টানো পর্যন্ত মুসলিম দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানায় তারা।

শুক্রবার আফগান জনগণ ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমে আসে।  কাবুলে আবদেল রহমান মসজিদের সামনে সবচেয়ে বড় মিছিল বের করে আফগানরা। সেখানে ট্রাম্পবিরোধী স্লোগান দিয়ে সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানানো হয়।