পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে সৌদি আরব। রুশ সংবাদমাধ্যম স্পুটনিকের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
দ্বিপাক্ষিক এই চুক্তির অন্যতম উদ্দেশ্য হচ্ছে, পেট্রোলের উপর নির্ভরশীলতা কমানো। ২০৩২ সালের মধ্যে সৌদি আরব পারমাণবিক কেন্দ্র থেকে ১৭ দশমিক ৬ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে।
সৌদি আরবের বিদ্যুৎ ও সংগ্রাহক নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (এসিআরএ) গভর্নর আব্দুল্লাহ আল সেহরি বলেন, ‘পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কাজ করছে রিয়াদ। অভ্যন্তরীণ চাহিদা পূরণে খুব শিগগিরই মস্কোর সঙ্গে আমরা কাজ শুরু করবো।’
তিনি আরও বলেন, রাজ্যে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে বাড়তি বিদ্যুতের চাহিদা তৈরি হয়েছে। আবার বিদ্যুৎ উৎপাদনে নানা প্রতিবন্ধকতাও রয়েছে।